খুলনায় মিজানুর রহমান খান বাবলু হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৫ জুন) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সিরাজুল ইসলাম মামুন নগরীর দৌলতপুরের পাবলা মধ্যপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৩ অক্টোবর রাত ৮ টার দিকে মিজানুর রহমান খান বাবলুসহ আরও কয়েকজন খুলনা মহানগরীর দৌলতপুরের এ এস ট্রেডার্স নামে একটি গ্যাসের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত ওই দোকানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে বাবলুর বুক ক্ষত-বিক্ষত হয়। এসময় আরও কয়েকজন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় বাবলুকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আশরাফ আলী খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দৌলতপুর থানা এলাকার পাবলা মধ্যপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে সিরাজুল ইসলাম মামুনকে গ্রেফতার করে। আদালতে ১৬৪ ধারায় এ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা ও ৮ জন আসামির নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
২০০৬ সালের ৫ মে মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি) পরিদর্শক চিত্তরঞ্জন পাল উল্লিখিত আসামিদের নাম উল্লেখ করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে অভিযোগপত্র উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ।

জামায়াতের তিন যুদ্ধাপরাধীর ফাঁসি
সুপ্রিম কোর্টে মেডিয়েশন সেন্টারের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন