বিএনপি নেতা খায়রুল কবির খোকনের জামিন আবেদন নামঞ্জুর

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২২:৩৫

বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপি সভাপতি ও নরসিংদী-১ (সদর) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনের জামিন না মঞ্জুর করেছে আদালত। নরসিংদী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার আত্মসমর্পণ করে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে, আদালত আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। নরসিংদী জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, নরসিংদী মডেল থানায় দায়ের করা মামলায় প্রথমে খায়রুল কবির খোকনের নামসহ ৩৪ জনকে আসামি করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ২৭৩ জনকে আসামি দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই মামলায় খায়রুল কবির খোকন ও জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুত্ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত মহসীন হোসাইন বিদ্যুতের জামিন আবেদন মঞ্জুর করলেও খায়রুল কবির খোকনের জামিন না মঞ্জুর  করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।