বিনিয়োগ পেলো ভ্রমণবিষয়ক স্টার্টআপ 'ট্রাভেলা'

আপডেট : ০৫ জুন ২০২২, ১৯:৫৭

প্রথমবারের মতো প্রি-সিড রাউন্ডে বিনিয়োগ পেয়েছে ভ্রমণ বিষয়ক প্রযুক্তি নির্ভর বাংলাদেশি প্রতিষ্ঠান ট্রাভেলা। বিশিষ্ট ব্যবসায়ী ও বিনিয়োগকারী মোহাম্মদ মাজ মামুন প্রথম বিনিয়োগকারী হিসেবে ট্রাভেলায় বিনিয়োগ করেছেন। এ বিনিয়োগের ফলে কোম্পানিটির বর্তমান ভ্যালুয়েশন ৫ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে।

বিনিয়োগকারী মোহাম্মদ মাজ মামুন স্টিলটেক-এর ম্যানেজিং ডিরেক্টর। সিরিয়াল ইনভেস্টর হিসেবে দেশের বিভিন্ন স্টার্টআপে ইনভেস্ট করেছেন তিনি।

ট্রাভেলা মূলত মোবাইল অ্যাপের মাধ্যমে কাজ করে। সুলভ মূল্যে বাসা ও রুম ভাড়া করে স্বল্প সময়ের জন্য ভ্রমণকারীদের আবাসন নিশ্চিত করতে কাজ করছে স্টার্টআপটি। ভ্রমণের সময় হোটেল বুকিং ও সঠিক হোটেল পছন্দ করার বিষয়টি থেকেই সাদ রহমান ও মীর ইশতিয়াক আহমেদ ট্রাভেলা প্রতিষ্ঠা করেন৷

বর্তমানে বাংলাদেশের ছয়টি শহরে ট্রাভেলা তাদের কার্যক্রম চালাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, কক্সবাজারে ট্রাভেলা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এবং সারা বাংলাদেশে নিজেদের সার্ভিস ছড়িয়ে দেওয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছে।

অল্পসময়ের মধ্যে ট্রাভেলা প্রায় ১৮০০ এর বেশি বুকিং সম্পন্ন করেছে। এই প্ল্যাটফর্মে বর্তমানে প্রায় ৫০০ প্রোপার্টি তালিকাভুক্ত করা আছে। ১৫ হাজারের বেশি মানুষ ট্রাভেলা অ্যাপে নিবন্ধিত রয়েছেন। যারা দেশের বাইরে থেকে দেশে আসেন, তারা এই অ্যাপ ব্যবহার করে সুলভ মূল্যে বাসা ভাড়া নিতে পারেন। এছাড়াও ঢাকার বাইরে থেকে যারা ঢাকায় চিকিৎসা করাতে বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন তারাও ট্রাভেলা অ্যাপ ব্যবহার করতে পারেন। চাকরির ইন্টারভিউ, ভর্তি পরীক্ষা, ব্যবসায়িক কাজে যাদের বিভিন্ন শহরে ভ্রমণ করার সময়ও ট্রাভেলা কার্যকর সহায়ক হয়ে উঠবে।

ইত্তেফাক/এসটিএম