প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের সব কটি নদীর পানি বিপত্সীমার কাছাকাছি পৌঁছেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় কানাইঘাটে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপত্সীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে এবং সিলেট শহরের কাছে সুরমা বিপত্সীমার দশমিক ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় কানাইঘাটে ১৩৫ মিলিমিটার ও সিলেটে ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে গত মাসে দ্বিতীয় সপ্তাহে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় সিলেট ও সুনামগঞ্জ। প্রায় এক সপ্তাহ স্থায়ী ঐ বন্যায় প্রায় হাজার কোটি টাকার ক্ষতি হয়। সেই বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবার আরেক দফা বন্যার আশঙ্কা সংশ্লিষ্ট এলাকার মানুষকে দুশ্চিনায় ফেলে দিয়েছে।
এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানায়, গত তিন দিন ধরেই সুরমা, কুশিয়ারাসহ সিলেটের বিভিন্ন নদীর পানি বেড়ে চলেছে। তবে এই বন্যা দীর্ঘস্থায়ী হবে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, লাগাতার বৃষ্টিপাতের কারণে নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। যদি বৃষ্টি অব্যাহত থাকে, আবারও বন্যা হবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসেই সিলেট অঞ্চল বন্যার কবলে পড়তে পারে। তবে এই বন্যা দীর্ঘায়িত হবে না বলে আভাস দিয়েছে তারা।
