নওগাঁর নিয়ামতপুরে সম্পত্তি দখল ও আম পাড়াকে কেন্দ্র করে মারামারিতে প্রতিপক্ষের আঘাতে এক গৃহবধূ আহত হন। আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারামারিকে কেন্দ্র করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এক নম্বর আসামিকে গ্রেফতার করে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের বীরমুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন সরদারের ছেলে বোরহান পৈত্রিক সূত্রে পানিশাইল মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সম্পত্তি পত্তনমূলে ভোগদখল করে আসছিলেন। ওই সম্পত্তিতে আম গাছ ছাড়াও বিভিন্ন প্রকারের ফলজ ও বনজ গাছ রয়েছে। প্রতিপক্ষ পানিশাইল গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে মোফাজ উদ্দিন কিছুদিন ধরে সম্পত্তি দখলের চেষ্টা করে আসছেন। হঠাৎ ৪ জুন শনিবার সকাল সাড়ে ৭টায় মৃত আয়েজ উদ্দিনের ছেলে মোফাজ উদ্দিন (৫৫), মোফাজ উদ্দিনের স্ত্রী সাজেমা বেগম (৪৮), মোফাজ উদ্দিনের ছেলে শামীম রেজা (৩২), মৃত আয়েজ উদ্দিনের ছেলে ইউনুস সরদার (৪৮) দলবদ্ধ হয়ে সম্পত্তি দখলের উদ্দেশ্যে গাছে আম পাড়া শুরু করেন। এতে বীরমুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিনের পুত্রবধূ সুমাইয়া আক্তার জুথি মৌখিকভাবে নিষেধ করলে তারা তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে মোফাজ উদ্দিনের হাতে থাক হাসুয়া দ্বারা সুমাইয়া আক্তার জুথির মাথায় কোপ মারলে জুথি ডান হাত দিয়ে বাধা দেন। এতে তার ডান হাত কেটে রক্তাক্ত হয়। জুথিকে আহত অবস্থায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে সুমাইয়া আক্তার জুথির স্বামী বোরহান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ আয়েজ উদ্দিনের ছেলে মোফাজ উদ্দিনকে গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, লিখিত অভিযোগ পাওয়ায় তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় মামলা রেকর্ড করা হয়। এক নম্বর আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
