ইনজুরির অন্দরে আলোর রেখা

আপডেট : ০৭ জুন ২০২২, ১৯:২০

দক্ষিণ আফ্রিকা সফর থেকে বয়ে আনা কাঁধের চোটের সঙ্গে লড়ছেন তাসকিন আহমেদ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলার সময় পাওয়া আঙুলের চোট অনেকটাই সেরে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট থেকেই তাকে ফিট পাওয়ার আশা করা হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন শরিফুল ইসলাম ও নাঈম হাসান। দু'জনই হাতে প্লাস্টার নিয়ে ঘুরছেন।

গতকাল মিরপুর স্টেডিয়ামে এই চার ক্রিকেটারের ইনজুরির সর্বশেষ অবস্হা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী।

মেহেদী হাসান মিরাজ

মিরাজকে অনেকটা ফিটই ঘোষণা করলেন বিসিবির প্রধান চিকিত্সক। তিনি বলেছেন, ‘মিরাজের ফিঙ্গার ইনজুরির রিহ্যাবিলিটেশনের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমাদের ফিজিওদের তত্ত্বাবধানে সে ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন ও স্কিল ট্রেনিং করছে। আমরা আত্মবিশ্বাসী যে শুরু থেকেই মিরাজ দলের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলনে অংশগ্রহণ করতে পারবে।’ টেস্টে লম্বা সময় বোলিং করার বিষয়টি মাথায় রেখেই রিহ্যাব এগিয়েছে মিরাজের। দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা সেই বিষয়টি মাথায় রেখেই ধীরে ধীরে ওর ওয়ার্কলোড বিল্ডআপ করছি। এটা একটা সময়ের ব্যাপার। এখন পর্যন্ত যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, আমার মনে হয় না ভবিষ্যতে যখন লোড বাড়াব, ওর কোনো সমস্যা হবে।’

তাসকিন আহমেদ

ওয়েস্ট ইন্ডিজ সফরে তাসকিনকে রাখা হয়েছে শুধু ওয়ানডে দলে। বিসিবির প্রধান চিকিত্সকের আশা, এর আগেই ফিট হয়ে যাবেন ডানহাতি এই পেসার। দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিনের রিহ্যাবের মাঝামাঝি পর্যায়ে আমরা চলে এসেছি, দ্বিতীয় ধাপে এখন সে ফুল রানআপে ৭০-৮০ ইন্টেনসিটিতে বল করতে পারছে এবং এভাবেই ওরা উন্নতি বাড়াতে থাকবে। আশা করছি ওয়েস্ট ইন্ডিজে শর্টার ভার্সনে খেলতে ওর কোনো অসুবিধা হবে না।’

শরিফুল ইসলাম

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-২০ দলে রয়েছেন শরিফুল। কয়েক দিনের মধ্যেই তার হাতের প্লাস্টার খোলা হবে। দ্রুত বোলিং ফিরতে পারবেন তিনি। বিসিবির প্রধান চিকিত্সক বলেন, ‘ওর ফ্র্যাকচারের ২১ দিন পূর্ণ হবে ৮ কি ৯ তারিখের দিকে, তখনই ওর প্লাস্টার খোলা হবে। খোলার সঙ্গে সঙ্গে ওকে আমরা টাইগার্সদের ক্যাম্পে যুক্ত করব, যেখানে ফিজিওথেরাপি, রিহ্যাব ও স্কিল ট্রেনিং একসঙ্গে চলবে। যেহেতু শরীফুলের ইনজুরি ননবোলিং হ্যান্ডে আশা করছি, ওর বোলিংয়ে কোনো সমস্যা হবে না।’

নাঈম হাসান

অফ স্পিনার নাঈম অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে নেই। তার সর্বশেষ জানাতে গিয়ে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘নাঈমের মিডল ফিঙ্গারে যে ইনজুরিটা, তারও ২১ দিন পূর্ণ হবে ৮-৯ তারিখের দিকে। যদিও এখন ফিটনেস ট্রেনিংয়ে কোনো নিষেধ নেই, তবে স্কিল ট্রেনিংয়ের জন্য আমরা একটু অপেক্ষা করছি। আশা করছি ১০-১১ তারিখে টাইগার্সদের ক্যাম্পে শরিফুল ও নাঈমকে যুক্ত করতে পারব ওদের রিহ্যাব ও ফিটনেসের জন্য।’

ইত্তেফাক/টিএ