শালিখা স্লুইসগেট বন্ধ থাকায় বিপাকে মৎস্যচাষি

আপডেট : ০৭ জুন ২০২২, ১৫:১৭

তালা উপজেলার শালিখা স্লুইস গেট বন্ধ থাকায় খেশরা, জালালপুর, মাগুরা ও খলিশখালী ইউনিয়নের শত শত মৎস্যচাষি বিপাকে পড়েছেন। অনিশ্চিত হয়ে পড়েছে এসব অঞ্চলের প্রধান আয়ের উৎস সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদন। 

হরিহরনগর গ্রামের হাফিজুর রহমান জোয়ার্দ্দার, শাহাপুর গ্রামের আমিনুর রহমান, আব্দুর রাজ্জাক সরদারসহ কয়েক জন বলেন, ১৫ দিন শালিখা স্লুইস গেট বন্ধ থাকায় তারা দারুণ বিপাকে পড়েছেন। পানির অভাবে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ ইতিমধ্যে ঘেরেই মারা গেছে।  

তবে সাতক্ষীরা-২-এর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান জানান, কপোতাক্ষ খননকাজ চলমান থাকায় স্লুইস গেট বন্ধ রাখা হয়েছে। খনন শেষ না হওয়া পর্যন্ত গেট ছাড়া যাবে না।  

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল বলেন, জুনের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। 

খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, ‘এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। খননকৃত খালের মুখে ক্রসবাঁধ দিয়ে খননকাজ চালানোর অনুরোধ করেছি। এতে শালিখা গেট দিয়ে পানি তুললেও খননকাজের কোনো অসুবিধা হবে না, মৎস্যচাষিও বাঁচবেন। 

ইত্তেফাক/এআই