জয়পুরহাট জেলায় হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে জেলা আধুনিক হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত ২৪০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শহীদ উদ্দিন জানান, জয়পুরহাট আধুনিক হাসপাতালে গত সাত দিনে ১০৬ জন ডায়রিয়া রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। যা অন্যান্য সময়ের চেয়ে বেশি। হঠাৎ ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সবাইকে বেড দেওয়া সম্ভব হচ্ছে না। বাইরের মেঝেতে রেখে চিকিৎসাসেবা প্রদান করতে হচ্ছে।
তিনি আরো বলেন, দিনে বা ২৪ ঘণ্টায় তিন বারে বেশি পাতলা পায়খানা হলে তাকে ডায়রিয়া বলে। পাতলা পায়খানার ফলে শরীর থেকে প্রচুর পানি ও পানির সঙ্গে লবণ বের হয়ে যায়। যেহেতু ডায়রিয়া হচ্ছে পানি বাহিত রোগ। এ সময় পানিসহ যে কোনো খাবার গ্রহণে সতর্কতা অবলম্বন করা দরকার।
জেলা সিভিল সার্জন অফিসের ডায়রিয়া কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, গত এক সপ্তাহে ২৪০ জন ডায়রিয়া আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
