আড়ানি পৌর মেয়র মুক্তার আলী ফের গ্রেফতার

আপডেট : ০৭ জুন ২০২২, ১৫:৪৪

রাজশাহীর আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলীকে আবারও গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (৬ জুন) দিবাগত রাতে আড়ানি পৌরসভার পিয়াদাপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ  (ডিবি)।

ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, মুক্তার আলীর বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।

একজন কলেজ শিক্ষককে পেটানোর মামলায় গত বছরের ৬ জুলাই দিবাগত রাতে মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মুক্তার। তবে তার বাড়ি তল্লাশি করে অস্ত্র, মাদক ও  প্রায় এক কোটি টাকা উদ্ধার করা হয়।

এর দুইদিন পর ৮ জুলাই দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী থেকে মুক্তার আলীকে গ্রেফতার করা হয়। গত বছরের ১২ জুলাই স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে। পরে জামিনে কারাগার থেকে বের হয়ে উচ্চ আদালতের মাধ্যমে তিনি মেয়রের দায়িত্ব ফিরে পান।

 

ইত্তেফাক/ ইউবি