যশোরে আশিকুর রহমান অপু (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে শহরের আমিনিয়া আলিয়া মাদরাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
অপু শহরের অ্যাডভোকেট ফারাজি শাহাদাৎ হোসেন সড়কের এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক তানভীর আহমেদ জানান, অপুর শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা অথবা ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সকাল ৮টার দিকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। ফরিদপুর পৌঁছালে অপু মারা যান বলে তার সঙ্গে থাকা স্বজনরা পুলিশকে অবহিত করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, দুই আগে শহরের বড়বাজার এলাকায় (মাছ বাজার) পাপ্পু নামে এক সন্ত্রাসী খুন হন। এ ঘটনায় অপুর বিরুদ্ধে খুনের মামলা হয়। সেই হত্যার প্রতিশোধ নিতে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ মো. মনিরুজ্জামান বলেন, জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

আড়ানি পৌর মেয়র মুক্তার আলী ফের গ্রেফতার