নাটোরের বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া বাজারের ভুয়া হোমিও চিকিৎসক শরিফুল ইসলামের (৪০) দেয়া ওষুধ খেয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। শরিফুলকে আটক করে চিকিৎসা কেন্দ্রটি হেফাজতে নিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে পেড়াবাড়িয়া বাজারে হোমিও চিকিৎসকের ঘরে গিয়ে ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে জিয়াউর রহমান ও খোকন নামের দুই রোগী। তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক খোকনকে (৪৬) মৃত ঘোষণা করে। আর জিয়াউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউর রহমানকেও মৃত ঘোষণা করে।
জিয়াউর রহমান (৪৫) বাগাতিপাড়া পৌর এলাকায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সোনাপাতিল মহল্লার মৃত সাজদার মাস্টারের ছেলে। আর খোকন উপজেলার ফাগুয়ারদিয়ার এলাকার আব্দুল মজিদের জামাই। তিনি ঘরজামাই থেকে এলাকায় গামের্ন্টস কাপড়ের ব্যবসা করতেন।
এলাকাবাসীর ধারণা ওই চিকিৎসক রোগীদের যৌন উত্তেজক কোন পানীয় বা স্পিরিট জাতীয় কোন বিষাক্ত পদার্থ পান করিয়েছিল। এদিকে এ ঘটনার পর পরই পুলিশ গিয়ে ভুয়া চিকিৎসক শরিফুলকে আটক করে থানায় নিয়ে যায়। শরিফুল লক্ষণহাটি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
এ ব্যপারে বাগাতিপাড়ার ওসি জানান, ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। এছাড়া বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের ময়না তদন্তের পর এর সঠিক কারণ জানা যাবে।
ইত্তেফাক/আরকেজি
