অভিনেত্রী অঞ্জু ঘোষের বিজেপিতে যোগদান

আপডেট : ০৮ জুন ২০১৯, ০০:৩৮

 ‘বেদের মেয়ে জ্যোত্স্না’ খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান করেছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে তিনি দলটিতে যোগ দেন। কিন্তু তার এই যোগদান ঘিরে তৈরি হয়েছে তুমূল বিতর্ক। তিনি আদৌ ভারতীয় নাকি বাংলাদেশি নাগরিক তা নিয়েই এই বিতর্ক।

অঞ্জু ঘোষের দাবি, ১৯৬৬ সালে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে তার জন্ম। বৃহস্পতিবার রাজ্য বিজেপির পক্ষ থেকে কলকাতা পৌরসভা কর্তৃক প্রকাশিত একটি জন্ম সনদ উপস্থাপন করা হয়। ২০০৩ সালে অনুমোদন করা হয় সেই জন্ম সনদ। প্রশ্ন উঠছে, যার জন্ম ১৯৬৬ সালে তার জন্ম সনদ ২০০৩ সালে প্রকাশিত হলো কেন? বিজেপির পক্ষ থেকে অঞ্জু ঘোষের জন্ম সনদ ছাড়াও ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ও পাসপোর্টের নথি দেখিয়ে দাবি করা হয় তিনি ভারতীয়। কিন্তু তার প্যান কার্ডের সঙ্গে জন্ম সনদের তথ্যে গড়মিল রয়েছে।

কলকাতা পৌরসভা সূত্রের খবর, অনলাইনে অঞ্জুর জন্ম সনদের রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে করপোরেশনের রেজিস্ট্রেশন নম্বরের অমিল রয়েছে। একই নামে দুটি রেজিস্ট্রেশনও পাওয়া গেছে বলে অভিযোগ। অঞ্জুর যে পাসপোর্ট দেখানো হয়েছে, সেটির মেয়াদ শুরু ২০১৮ সালে। প্রশ্ন উঠেছে, যিনি দীর্ঘদিন বাংলাদেশ এবং ভারতে অভিনয় করেছেন, তার পাসপোর্ট ২০১৮ সালের হয় কী করে? তাহলে তার প্রথম পাসপোর্টের তথ্য কোথায়? অঞ্জু ঘোষ বলেছেন, ‘তিনি বহুদিন ধরেই কলকাতায় আছেন। তার বাবা-মাও এখানে ছিলেন। তার জন্মও ভারতে। তিনি একজন ভারতীয় নাগরিক।’