‘ওহ্ মিঠু তুমি চিন্তা কইরো না, রানির জন্য আমরা ডাক্তার আপার লগে কথা কমু’— সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন কথা শুনে প্রথমেই মনে হবে কথাটি বলছে জনপ্রিয় ‘মিনা’ কাটুর্ন সিরিজের কেন্দ্রীয় চরিত্র মিনা। কিন্তু মিনা-রাজু, ডোরেমন-নবিতা, সিসিমপুর, হ্যারি পটারসহ জনপ্রিয় কাটুর্ন চরিত্রের কণ্ঠ এভাবেই হুবহু নকল করে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে মাদারীপুর ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ঐতিহ্য রায় অথৈ।
করোনাকালের লকডাউনে দীর্ঘদিন ঘরে বসে অলস সময় পার করে অথৈ। তখন ইচ্ছা জাগে অবসরে নতুন কিছু শেখার। তাই ইউটিউবে ভিডিও দেখে রপ্ত করে ফেলে দেশ-বিদেশের জনপ্রিয় কয়েকটি কাটুর্ন চরিত্রের কণ্ঠ। এরপর শখের বসেই একদিন মিনা-রাজু-মিঠুর কণ্ঠ নকল করে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও আপলোড করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়!
পরবর্তী সময়ে তাদের অনুরোধে নিজের নামে একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল চালু করে অথৈ। সেখানে আপলোড করতে থাকে নিত্যনতুন মজাদার মিমিক্রি ভিডিও।
ইত্তেফাককে দেওয়া এক সাক্ষাত্কারে অথৈ বলে, ‘ছোটবেলা থেকেই অন্যের কণ্ঠ নকল করতে ভালো লাগত। মিমিক্রিতে আমার বেশ আগ্রহ রয়েছে। তাই করোনাকালে ব্যাপারটা আরও ভালোভাবে রপ্ত করে নিলাম।’
মিমিক্রির পাশাপাশি চিত্রাঙ্কন, গান ও কবিতায়ও পারদর্শী অথৈ। ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে রবীন্দ্র, নজরুল ও উচ্চাঙ্গ সংগীতে শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করে।
অথৈ’র জন্ম মাদারীপুর সদর উপজেলায় হলেও মায়ের চাকরির সুবাদে শৈশব কেটেছে বরিশালে। বর্তমানে মাদারীপুরে বসবাস। ভবিষ্যতে অথৈ নিজেকে একজন চিকিত্সকের পাশাপাশি ভয়েস আর্টিস্ট হিসাবে দেখতে চায়।
