বিশ্বকাপে ফিরছে জিদানের ঢুস

আপডেট : ০৮ জুন ২০২২, ০৮:৩০

২০০৬ বিশ্বকাপের কথা বললে সবার আগেই উঠে আসবে জিনেদিন জিদানের ঢুস বিতর্ক। ফাইনালে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে বুকে ঢুস মেরে মাটিতে ফেলে দিয়েছিলেন এই ফরাসি কিংবদন্তি। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে তাকে মাঠছাড়া করেছিলেন রেফারি। জিদানের এই ঢুস বিতর্ক অমর হয়ে আছে ফুটবলের মানচিত্রে।

সেই ঢুস মারার ঢঙে ২০১৩ সালে একটি ভাস্কর্য বানিয়েছিল কাতার। কিন্তু বিতর্ক এখানেও পিছু ছাড়েনি। দোহার সমুদ্রসৈকতে প্রায় ১৭ ফুট উচ্চতার ভাস্কর্যটি এক মাসও রাখা যায়নি। ইসলামিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনার পর ভাস্কর্যটি সরিয়ে আনায় সেই ভাস্কর্য আবার ফেরানো হচ্ছে কাতার বিশ্বকাপে। এত দিন সেটি ছিল দোহার আন্তর্জাতিক ক্রীড়া জাদুঘরে। বিশ্বকাপের সময়ে সেটি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কাতার কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে কাতারের আমিরের বোন ও কাতার জাদুঘরের প্রধান আল মায়াসা বলেন, ‘সমাজে বিবর্তন ঘটে। এতে সময় লাগে এবং লোকেরা শুরুতে কোনো কিছুর সমালোচনা করতেই পারে। কিন্তু তার পরে বিষয়টি বুঝতে পারে এবং তাতে অভ্যস্ত হয়ে যায়। জিদান কাতারের ভালো বন্ধু। আরব বিশ্বেরও তিনি একজন মহান আদর্শ। শিল্প আর যে কোনো কিছুর মতোই স্বাদের বিষয়। আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে ক্ষমতা প্রদান করা।’

ইত্তেফাক/ ইআ