পেঁয়াজ আবাদে খ্যাত পাবনার সুজানগরে পেঁয়াজের বাজার দর কমছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা।
উপজেলার মানিকহাট গ্রামের পেঁয়াজচাষি মন্টু খান বলেন, তিন মাস আগে হাটবাজারে মৌসুমি পেঁয়াজ ওঠার শুরুতে প্রতি মণ পেঁয়াজ মাত্র ৮০০-১০০০ টাকা দরে বিক্রি হয়। এর এক মাস পর প্রতিমণ পেঁয়াজের দাম ২০০ টাকা বৃদ্ধি পায়। কিন্তু ১০/১৫ দিনের ব্যবধানে আবার বাজার কমে গিয়ে বর্তমানে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০০-১১০০ টাকা দরে।
পেঁয়াজচাষি ওমর আলী প্রামাণিক বলেন, রমজান মাসে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়। এতে কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দেয়। কিন্তু এক মাসের ব্যবধানে পেঁয়াজের বাজারে আবার ধস নামে। উপজেলার দুর্গাপুর গ্রামের আদর্শ পেঁয়াজচাষি কামরুজ্জামান বলেন, বর্তমান বাজারে পেঁয়াজ বিক্রি করে কৃষকের উৎপাদন খরচের চেয়ে প্রতি মণে ২০০-৩০০ টাকা লোকসান হচ্ছে।
সুজানগর পৌর পেঁয়াজ বাজারের আড়তদার আবুল কালাম বলেন, বাজারে প্রচুর ভারতীয় পেঁয়াজ মজুত আছে। সেই সঙ্গে দেশি পেঁয়াজের আমদানিও প্রচুর। ফলে পেঁয়াজের বাজার বাড়ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, দেশি পেঁয়াজের পাশাপাশি ভারতীয় পেঁয়াজের সরবরাহ থাকায় বর্তমানে বাজার মন্দা।
