ব্যয়বহুল বোলিংয়ের পর উইকেটের দেখা পেলেন সাইফুদ্দিন

আপডেট : ০৮ জুন ২০১৯, ১৮:০০

দিনের শুরুতে সবচেয়ে ব্যয়বহুল ওভার করেন সাইফুদ্দিন। দুই স্পেলে প্রথম পাঁচ ওভারে মিলে দিয়েছিলেন ৪৪ রান। সেই সাইফুদ্দিনের বলে অবশেষে পতন হলো দ্বিতীয় উইকেটের। ওয়ান ডাউনে নামা জো রুটকে ফিরিয়ে এই ম্যাচে দেখা পান প্রথম উইকেটের। তবে এই উইকেট পতনের আগেই ৩১তম ওভারে দুই শ’ রান স্পর্শ করে ইংলিশরা। বিধ্বংসী ব্যাটিং করে সেঞ্চুরি তোলা জেসন রয় অবশ্য এখনো রয়েছেন অপরাজিত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দুই উইকেটে ২১২ রান। 

কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে শনিবার বিকেলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টস হেরে ব্যাটিংয়ে নেমে এ দু’জন ইংল্যান্ডের ইনিংসের গোড়াপত্তনে নেমেছিলেন। রয়-বেয়ারস্ট জুটি ১২৮ রানের দারুণ একটা ওপেনিং জুটি গড়েন। এরপর মাশরাফির বলে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বেয়ারস্ট। আউট হওয়ার আগে ৬৫ বল থেকে ১০টি চার ও একটি ছক্কার মারে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেছেন তিনি। 

বেয়ারস্টকে ফেরালেও রয়ের সেঞ্চুরির পথে বাঁধা হতে পারেননি বাংলাদেশের বোলাররা। ৯২ বল খেলে ব্যক্তিগত নবম সেঞ্চুরি তুলে নেয়ার পর আরও বড় ইনিংসের পথে হাঁটছেন তিনি। তবে রয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি বাঁধা রুট ফিরে গেছেন। তৃতীয় উইকেটে এখন জেসন রয়ের সঙ্গী হয়েছেন জস বাটলার।  

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অল্প ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। অপরদিকে ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে তারা পাকিস্তানের কাছে ১৪ রানে হেরেছে। তৃতীয় ম্যাচটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দু’দলের কাছেই।

ইত্তেফাক/কেআই