জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস জুড়ে বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে। ক্যাম্পাসের পুরো এলাকা জুড়ে কেন্দ্রীয় মসজিদে একটি ও ক্যাফেটেরিয়াতে দুটো বিশুদ্ধ খাবার পানির ফিল্টার রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হাতেগোনা কয়েকটি বিভাগে শিক্ষকদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা থাকলেও শিক্ষার্থীদের নেই বললেই চলে। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরিতে পড়তে আসা ও বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা শিক্ষার্থীরা বাধ্য হয়েই বাহির থেকে পানি কিনে ব্যবহার করতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর মবিন বলেন, পানি নেওয়ার জন্য দীর্ঘ সিরিয়াল দিতে হয়। আমাদের একটি মাত্র ক্যাফেটেরিয়া সেখানে এমনিতেই সবসময় প্রচুর ভিড় থাকে। তাছাড়া কিছু কিছু সময় ক্যাফেটেরিয়া বন্ধ থাকে এবং মসজিদের একটি মাত্র ফিল্টারে পানি নেওয়ার সময়ও লাইনে দাঁড়াতে হয়। এতে করে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
পুরান ঢাকায় মেসে থেকে পড়াশোনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আতিক মেসবাহ লগ্ন। তিনি বলেন, পুরান ঢাকার কয়েকটি সমস্যার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানির অভাব। তাই ক্যাম্পাস থেকেই বাসার জন্য পানি নিয়ে যাই। রাতে আবার ক্যাফেটেরিয়া বন্ধ হয়ে যায়, তখন মসজিদ থেকে পানি আনতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই তো কল লাগিয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে পারে আমাদের জন্য।
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, বিশুদ্ধ খাবার পানি এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইতোমধ্যে অবকাশ ভবনে দুইটি ফিল্টার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ক্যাম্পাসের অন্যান্য জায়গায়ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, ক্যাম্পাসে বিশুদ্ধ পানির সাপ্লাই নিয়ে আমাদের পরিকল্পনা আছে। কিছুদিনের মধ্যে আমাদের মসজিদের দ্বিতীয় তলার কাজ শুরু হবে তখন মসজিদের ওখানে আরও কিছু ফিল্টার বসানো হবে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, কল লাগালে তো ভেঙে চুরে খুলে নিয়ে যায়। দেখা যাক, এখন এমন জায়গায় কল লাগানোর ব্যবস্থা করতে হবে যেখানে মানুষজনের আনাগোনা রয়েছে, নিরাপদে রাখা যাবে।

জবির সিএসই বিভাগ এলামনাইয়ের কমিটি গঠন
‘দাবি একটাই, চাকরি স্থায়ী চাই’