'যুক্তি দিয়ে বিবেক জাগাও, পাঞ্জেরী তুমি সামনে আগাও' প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চার একমাত্র সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডিবেটিং সোসাইটির সভাপতি আল নাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার (বিটিভি) নির্দেশক রুবাইয়াত রাকিব এবং ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি আদনান কবির সৈকত।
দিনব্যাপী এ কর্মশালায় বিতর্ক, বিতর্কের ধরণ ও কৌশল, সংসদীয়, সনাতনী ও বারোয়ারি বিতর্ক বিষয়ে প্রায় ২৫০ জন নবীন সদস্যকে প্রশিক্ষণ এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির নির্দেশক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ্ আল মাহবুব, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, ডিবেটিং সোসাইটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবদুল আজিজ ভূঁইয়া, সাবেক সভাপতি ফারিদ মুস্তাকিম এবং ডিবেটিং সোসাইটির সদস্যরা।
কর্মশালা শেষে 'সামাজিক সচেতনতাই পারে নারী নির্যাতন প্রতিরোধ করতে' এই বিষয়ে একটি প্রীতি বিতর্কের আয়োজন করা হয়।
