রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের উত্তর হাজিপুর-বামনদীঘি রাস্তায় নির্মিত কালভার্টটি দুই মাস আগে ভেঙে যায়। এতে ৯ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, উত্তর হাজিপুর-বামনদীঘি বাজার যাতায়াতের একমাত্র ব্যস্ততম রাস্তায় নির্মিত কালভার্টটিতে প্রায় দুই মাস আগে ফাটল দেখা দেয়। এরপর রিকশা ভ্যান ঝুঁকি নিয়ে পারাপার হলেও বর্তমানে কালভার্টটির ওপরের পুরোটাই ভেঙে পড়েছে।
হাজিপাড়া গ্রামের অটোরিকশা চালক আফজাল হোসেন বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে প্রায় পাঁচ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
বাড়াইপাড়া গ্রামের কৃষক প্রশান্ত রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, 'হাটবাজারত যে ফসল বেচেবার নিগামো তাও পাইছোল না।'
বালাবাড়ী গ্রামের আব্দুর রশিদ বলেন, এক মাসের মধ্যে রাতে বাইসাইকেলে কালভার্ট পার হতে গিয়ে তিন জন আহত হয়েছেন।
এ বিষয়ে ইকরচালি ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন বলেন, ভেঙে পড়া কালভার্টটির বিষয়ে উপজেলা মাসিক সমন্বয় ও উন্নয়ন সভায় তুলে ধরা হয়েছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আহম্মেদ হায়দার জামান জানান, কালভার্ট ভেঙে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
