সুবর্ণচরে ১ হাজার ২শ লিটার সয়াবিন জব্দ

আপডেট : ১২ জুন ২০২২, ১৮:১৯

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ১ হাজার ২শ ২৫ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (১২ জুন) ভোরে চরজব্বার ইউনিয়নের আবুল মেম্বার সমাজ মসজিদের পার্শ্ববর্তী বেলালের বাড়ির একটি পরিত্যক্ত গোয়াল  ঘর থেকে এ সয়াবিন তেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, একটি পরিত্যক্ত গোয়াল ঘরের মধ্যে কোন অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে বিক্রির জন্য সয়াবিন তেল মজুদ করে রাখে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রিয়াজ হাসানের নেতৃত্বে ভোরে চরজব্বার থানা পুলিশের একটি দল বেলালের বাড়িতে অভিযান চালিয়ে ফ্রেশ ব্যান্ডের ৫ লিটারের ৬২ বাক্স সয়াবিন তেল জব্দ করা হয়, প্রতি বাক্সে ৫ লিটারের ৪টি করে বোতল রয়েছে। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের ধরা জন্য চেষ্টা চলছে। জব্দকৃত সয়াবিন তেল আদালতে জমা দেওয়া হবে।

ইত্তেফাক/এমএএম