খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুরের মুন্সিবাড়ীর ‘বায়তুল মা’মুর জামে মসজিদ’ প্রাঙ্গণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। ওই অঞ্চলের ৩০০ শতাধিক গুরুতর অসুস্থ হতদরিদ্র দুঃস্থ নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ইলেকশন ক্যাম্পেইন কমিটির ফ্লোরিডা চ্যাপ্টারের উপদেষ্টা, এশিয়ান হিউম্যান রাইটসের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির কো-কনভেনার বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক ইমরানুল হক চাকলাদারের পক্ষ থেকে তার চ্যারিটি প্রতিষ্ঠান ‘মানবিক সেবা ফাউন্ডেশন’এই ক্যাম্প পরিচালনা করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবিক সেবা ফাউন্ডেশনের শাহাদত উল্লাহ নূর সুমন, নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছার সভাপতি সাংবাদিক এইচএম শফিউল ইসলাম, সমাজসেবক শেখ অলিউল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোহাইমিনুল ইসলাম ও ডা. জাফরিন সুলতানা বিথী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুগী দেখেন এবং চিকিৎসা সেবা প্রদান করেন । সকাল থেকে স্থানীয় হতদরিদ্র দুঃস্থ নারী-পুরুষ বায়তুল মা’মুর জামে মসজিদ’ প্রাঙ্গণে সমবেত হন।
পরে পর্যায়ক্রমে তাদেরকে চিকিৎসা দেয়া হয়। ইমরানুল হক চাকলাদার জানান, দীর্ঘদিন তিনি মানবহিতৈষী কর্মকাণ্ড করে আসছেন সারাদেশে। পাইকগাছা উপজেলার কপিলমুনি-হরিঢালী এলাকায় শিগগিরই চক্ষু শিবিরেরও আয়োজন করবে মানবিক সেবা ফাউন্ডেশন।
ইতোপূর্বে ইমরানুল হক চাকলাদারের পক্ষ থেকে মানবিক সেবা ফাউন্ডেশন সম্প্রতি সিলেট-সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে। সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষনিক ত্রাণ ও খাদ্য বিতরণ করা হয়।
