রাজধানীতে প্রস্তাবিত অর্থ বিল-২০২২ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ১৪ জুন ২০২২, ০২:৩৯

রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেলো প্রস্তাবিত অর্থ বিল-২০২২ বিষয়ক একটি আলোচনা সভা। রবিবার (১২ জুন) গুলশানের 'আমারী ঢাকা'-তে চার্টার্ড একাউন্টেন্সি ফার্ম স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং-এর উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশের ব্যবসায় খাতে এবং জাতীয় অর্থনীতিতে প্রস্তাবিত অর্থ বিল ২০২২ এর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পার্টনার জেরীন মাহমুদ হোসেন, সিপিএ, এফসিএ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের আরেক প্রতিষ্ঠাতা পার্টনার স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। কর্পোরেট সেক্টরে প্রস্তাবিত বাজেট কি কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে বক্তব্য রাখেন এমসিসিআই-এর সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। বৈদেশিক বিনিয়োগের ওপর বাজেটের প্রভাব আলোচনায় জোর দেন কোকা কোলা বাংলাদেশ বেভারেজের ম্যানেজিং ডিরেক্টর তাপস মন্ডল। 

এছাড়াও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তাবিত বাজেট কিভাবে সাহায্য করবে তার ওপর বক্তব্য দেন পলিসি এক্সচ্যাঞ্জ অব বাংলাদেশের সভাপতি এবং প্রতিষ্ঠাতা ড . এম মাশরুর রিয়াজ। ব্যক্তি এবং কর্পোরেট করদাতাদের দৃষ্টিকোণ থেকে জাতীয় বাজেটের উপর মতামত প্রকাশ করেন ইকোনোমিক রিপোটারস'ফোরামের সভাপতি শারমীন রিনভী। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং-এর বিভিন্ন সেবা গ্রহীতা এবং ব্যবসা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারীদের জন্য আয়োজিত প্রশ্ন-উত্তর পর্বে আলোচকবৃন্দ বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পার্টনার সুকান্ত ভট্টাচার্য্য, এফসিএ।

ইত্তেফাক/এএইচপি