বরিশালের হিজলায় পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ

আপডেট : ০৮ জুন ২০১৯, ২০:২৪

বরিশালের হিজলায় পরকীয়া প্রেমিককে মারধর করে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে উপজেলার একতা বাজার এলাকাধীন সাহাবুদ্দিন চৌধুরী পাড়ায় তারা ঘুরতে এলে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় হিজলা থানা পুলিশ ওই গৃহবধূ ও তার পরকিয়া প্রেমিককে উদ্ধার করে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মামুন নামের এক কিশোরকে আটক করেছে তারা। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন হিজলা থানার ওসি মাসুদুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়সী গৃহবধূর বাড়ি হিজলা উপজেলার পার্শ্ববর্তী দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের ধুলিয়া মধ্যচর গ্রামে। শুক্রবার দুপুরে সে তার পরকীয়া প্রেমিক বরগুনার আমতলী উপজেলার মৌপাড়া এলাকার ছোট বগি গ্রামের আজাহার আলীর ছেলে অটোরিক্সা চালক জাকির হোসেন গোলন্দাজের সঙ্গে হিজলার সাহাবুদ্দিন চৌধুরী পাড়ায় ঘুরতে যায়।

সেখানে তাদের আচারভঙ্গি দেখে স্থানীয় একদল বখাটে পরকীয়ার বিষয়টি বুঝতে পারে। তারা পরকীয়া প্রেমিক জাকির হোসেন গোলন্দাজকে মারধর করে। পরে গৃহবধূকে একই এলাকার একটি বাগানের ভিতর নিয়ে দলবদ্ধভাবে পালাক্রমে ধর্ষণ করে।

হিজলা থানার ওসি মাসুদুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে থানার পরিদর্শক (তদন্ত) মঈনুদ্দিন আহমেদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতা গৃহবধূ ও তার সঙ্গে থাকা যুবককে উদ্ধার করে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মামুন নামের এক কিশোরকে আটক করা হয়। গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে জানিয়েছে ৪/৫ জন মিলে তাকে ধর্ষণ করেছে। তবে মামুন নামে যাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ না থাকলেও ধর্ষণে সহযোগিতার অভিযোগ রয়েছে। তাছাড়া মামুনের মাধ্যমে পলাতক ধর্ষকদের নাম পরিচয় জানা গেছে। তাদের মধ্যে শনিবার সাইফুল নামের একজনকে গ্রেফতরা করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: সরাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ওসি আরো বলেন, ‘গৃহবধূ তার স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। আর জাকির গোলন্দাজ বরিশালে অটো টেম্পু চালায়। ঈদের ছুটিতে বাবার বাড়িতে বেড়াতে আসে গৃহবধূ। পুরো বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সাথে জাকির গোলন্দাজের কোন সম্পৃক্ততা রয়েছে কি না সে বিষয়েও আমরা জানার চেষ্টা করছি। পাশাপাশি ধর্ষণের অভিযোগ এনে ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন। শনিবার সকালে তাকে শারীরিক পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু