নকল হইতে সাবধান

আপডেট : ০৮ জুন ২০১৯, ২০:৩৬

নাগরিক টিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘নকল হইতে সাবধান’। নাটকটি রচনা করেছেন শামীম সিকদার ও পরিচালনা করেছেন মারুফ হাসান মিঠু। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জামিল হোসেন, ঈশানা খান, প্রভা প্রমুখ।

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে হঠাত্ শহর থেকে গ্রামে ফিরে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়ে বেশ জোরেশোরেই প্রস্তুতি নিতে শুরু করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আক্কাচ আলী এমএসসি। অনেক বছর আগে গ্রাম ছেড়ে সপরিবারে রাজধানীতে পাড়ি জমিয়েছিল আক্কাচ আলীর বাবা আজগর আলী। এত বছর পর এলাকায় এসে দু হাতে টাকা খরচ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে আক্কাচ আলী। নিজেকে নেতা ভাবতেই তার বেশ লাগে। সাধারণ কথাও সে ভাষণের ঢঙে প্রকাশ করে। কে অসুস্থ, কার কোথায় কী অনুষ্ঠান, কে কোন বিপদে পড়েছে—বর্তমান চেয়ারম্যানে টেক্কা দিয়ে তাদের আর্থিক সহায়তা দেয় আক্কাচ আলী। আর এগুলো দেখভাল করে তার পিএস পুটু ওরফে ইমার্জেন্সি পুটু। মারাত্মক ব্যস্ত সে। হেন কাজ নেই যা সে না পারে। হবু চেয়ারম্যান আক্কাচ আলীর যাবতীয় কাজ তাকেই করতে হয়। তবে কোনো কাজই সে মাগনা করে না। কারণ মাগনা কাজের মূল্য থাকে না। পুটুকে সরিয়ে তার জায়গা দখল করার জন্য এপিএস লেবু মিয়া পায়তারা করতে থাকে। আক্কাচ আলীর কর্মকাণ্ড ও জনসমর্থন দেখে চিন্তায় পড়ে যায় বর্তমান চেয়ারম্যান মোকসেদ মণ্ডল। বিগত এক যুগ যার নিয়ন্ত্রণে চলেছে এলাকা। লোকজন পিঁপড়ার সারির মতো পিছে পিছে ঘুরত একটা রেশন কার্ডের জন্য। অথচ এখন নিজের সামান্য কাজ করার মতো কোনো লোক সে পায় না। বিষয়াটা দারুণভাবে কষ্ট দেয় চেয়ারম্যানকে। ছোট বোন মনিরার পছন্দের পাত্র হওয়া সত্যেও আক্কাচ আলীর অতীত ঘেটে তাকে ছোট করে, কুত্সা রটায় তার বিরুদ্ধে, বিভিন্ন দোষ খুঁজতে থাকে তার। কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে প্রতিনিয়ত। এমনকি আক্কাচ আলীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য খুনি জাতা জগলুকে ভাড়া করে আনে চেয়ারম্যান। কিন্তু জাতা জগলুকে নিয়ে দ্বিমত পোষণ করে চেয়ারম্যানের ডান হাত বজলু। ভিলেজ পলিটিক্সের অংশ হিসেবে দল ঠিক করার জন্য দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণভোজের আয়োজন করে চেয়ারম্যান। একই দিনে উদ্দেশ্যপ্রনোদিতভাবে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আক্কাচ আলী এমএসসি। চেয়ারম্যানের সমস্ত আয়োজন যথাসময়ে হলেও সময়মতো আসে না এলাকার সেরা বাবুর্চি পচা মিয়া।

চ্যানেল  : নাগরিক

সময় :রাত ৯টা ২০ মিনিট