নির্বাচনের ১৪ ঘণ্টা আগে মেহেরপুরের ওসিকে বদলি

আপডেট : ১৪ জুন ২০২২, ১৯:৫৭

পৌরসভা নির্বাচনের আগের দিন সন্ধ্যায় মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, মেহেরপুর পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে বদলিকৃত মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খানের বদলির আদেশ কার্যকর করতে নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করেছেন। উপরোক্ত আদেশ কার্যকর করে নির্বাচন কমিশনকে অবহিত করতে পুলিশ মহাপরিদর্শককে অনুরোধ করা হয়েছে। একই আদেশের কপি সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

জানা গেছে, এর আগে গত ১৩ এপ্রিলের মধ্যে সদর থানার ওসি শাহ দারা খানকে বদলির ছাড়পত্র নিতে খুলনা রেঞ্জ ডিআইজি নির্দেশ প্রদান করলেও তিনি বদলি না হয়ে স্ব-পদে বহাল ছিলেন। মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলম বলেন, বদলির আদেশ শুনেছি। তবে এখনো হাতে পাইনি। 

নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে মেহেরপুর পৌরসভার আওয়ামী লীগ প্রার্থী ও ৮ কাউন্সিলর প্রার্থী নির্বাচন কমিশনের কাছে মেহেরপুর সদর থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ করেন।

ইত্তেফাক/জেডএইচডি