লাইবেরিয়ায় মূল্যবৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ০৮ জুন ২০১৯, ২১:২৩

দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে শুক্রবার লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। এ সময় তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগানে ফেটে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকরা একে প্রেসিডেন্ট জর্জ ওয়েয়াহর জন্য একটি বড় ধরনের পরীক্ষা হিসেবে দেখছেন। খবর এএফপি ও দ্য গার্ডিয়ানের।

সাবেক এই জনপ্রিয় ফুটবল তারকা মাত্র ১৮ মাস আগেই একই ইস্যুতে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। এখন এটিই তাঁর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আনুমানিক ১০ হাজার মানুষ দিনে রাস্তায় বিক্ষোভে অংশ নেয়। তবে পুলিশ জানিয়েছে, বিক্ষোভে ৫ হাজার লোক অংশ নিয়েছে।

বিক্ষোভকারীদের হাতে ‘আমরা যথেষ্ট দুর্ভোগ  সহ্য করেছি’, ‘আমরা উন্নত জীবনযাত্রা চাই’ লেখা প্ল্যাকার্ড ছিল। কোনো কোনো বিক্ষোভকারী নাচগান করে আন্দোলনকে চাঙ্গা রাখার চেষ্টা চালায়। তবে পশ্চিম আফ্রিকার দেশটি দীর্ঘদিনের গৃহযুদ্ধে বিধ্বস্ত। অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে। অনেকেই উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা করছে। তা ছাড়া খাবার মজুত করার ফলে সংকট দীর্ঘায়িত হওয়ারও আশঙ্কা করা হচ্ছে।