খুলনায় জনশুমারি ও গৃহগণনা শুরু

আপডেট : ১৬ জুন ২০২২, ১৬:৪৭

সারা দেশের মতো বিভাগীয় শহর খুলনায় ‘জনশুমারি ও গৃহগণনা’ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২১ জুন পর্যন্ত এ জনশুমারি ও গৃহগণনা চলবে। এ উপলক্ষে বুধবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে সংক্ষিপ্ত আলোচনাসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। 

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, সঠিক তথ্য ও নির্ভুল জনশুমারির কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এ জনশুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতীয় জনগুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে জনশুমারি ও গৃহগণনায় অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশের সব নাগরিকের দায়িত্ব। 

অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. আশরাফুল আলম সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন। সরকারের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ‘জনশুমারি ও গৃহগণনা’ কার্যক্রম বাস্তবায়ন করছে। আলোচনাসভা শেষে সিটি মেয়রের নেতৃত্বে শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। 

ইত্তেফাক/এআই