মির্জাপুরে ট্রেন লাইনের ওপর মেলা!

আপডেট : ০৮ জুন ২০১৯, ২১:৪৪

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর বাইপাসের উত্তর পাশে মির্জাপুর ট্রেন স্টেশনে ট্রেন লাইনের উপর ঝুঁকিপূর্ণ পরিবেশে মেলা চলে। দীর্ঘদিন ধরে চলে আসছে এ মেলার আয়োজন।

জানা গেছে, ঢাকা-রাজশাহী-খুলনা ট্রেন লাইন দিয়ে প্রতি দিন ২৫-২৬টি ট্রেন নিয়মিত যাতায়াত করে আসছে। ঈদুল ফিতর, ঈদুল আযহা, পহেলা বৈশাখ, ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চসহ বিভিন্ন পূঁজার সময় এখানে মেলা বসে। স্থানীয় একটি মহল প্রশাসনের কোনো অনুমতি না নিয়ে এলাকায় মাইকিং করে নিজেদের ইচ্ছেমতো এই মেলার আয়োজন করে থাকে। মেলার নামে এখানে বিভিন্ন অসামাজিক কাজও হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।

শনিবার মির্জাপুর ট্রেন স্টেশনের আশপাশের স্থানীয় লোকজন ও ট্রেনের যাত্রীরা এ অভিযোগ তুলে ধরেন।

স্থানীয় বাসিন্দা মো. আলী হোসেন ও খুলনাগামী ট্রেন যাত্রী মো. মাইনুল আলম অভিযোগ করেন, নিরাপত্তাহীনতার মধ্যে এখানে দীর্ঘদিন ধরে ট্রেন লাইনের উপর মেলা বসে আসছে। মেলাকে ঘিরে বিভিন্ন দোকানপাট পসরা বসে। মেলায় প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। যে কোনো সময় ট্রেন দুর্ঘটনায় ঘটতে পারে প্রাণহানি।

এ ব্যাপারে মির্জাপুর ট্রেন স্টেশনের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, যারা ট্রেন লাইনের উপর মেলার আয়োজন করে থাকেন তারা স্থানীয় লোকজন। আমাদের না জানিয়ে হঠাত্ করে মেলার আয়োজন করে। ভবিষ্যতে যাতে ট্রেন লাইনের উপর কোনো মেলার আয়োজন না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।