রামগঞ্জে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যার চেষ্টা আটক তিন

আপডেট : ০৮ জুন ২০১৯, ২১:৪৫

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের কেথুড়ি বাজারে শুক্রবার রাত ৯টায় পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা ১নং ওয়ার্ডের মেম্বার সোহাগ হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হত্যার চেষ্টা করেছে। পুলিশ ও স্থানীয় লোকজন সোহাগ মেম্বারকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মো. হোসেন, রাজু ও ইব্রাহিমকে আটক করেছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, পূর্ব পরিকল্পিতভাবে সোহাগ মেম্বারকে কুপিয়ে জখম করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেম্বারের ছোট ভাই সবুজ হোসেন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।