ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নাটোর, কেরানীগঞ্জ ও বগুড়ায় আকস্মিক ঝড়-বজ্রপাতে গতকাল শুক্রবার ১১ জন নিহত হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ময়মনসিংহে। সেখানে তিন কিশোরসহ ছয় জন নিহত হয়েছে। ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
ময়মনসিংহ প্রতিনিধি ও নান্দাইল সংবাদদাতা: ময়মনসিংহে বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নান্দাইলে ফুটবল খেলার সময় তিন কিশোর এবং মাছ ধরার সময় সদর উপজেলায় দুই জন ও ধোবাউড়ায় এক জন মারা যায়। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নান্দাইল থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুর ১টার দিকে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার সময় বজ্রপাতে ঐ তিন কিশোরের শরীর ঝলসে যায়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন। মৃতরা হচ্ছে গাংগাইল গ্রামের মো. শহিদুল্লার ছেলে আবু সাঈদ (১৪), হাদিস মিয়ার ছেলে শাওন মিয়া (১৩) ও বিল্লাল হোসেনের ছেলে স্বাধীন (১৪)। ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
এদিকে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানায়, ময়মনসিংহ সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে হাসেন আলী মণ্ডলের ছেলে বাক্কার হোসেন (৪০) ও পচা মিয়া ছেলে জাহাঙ্গীর আলম (৩০) নামে দুই জন বজ্রপাতে মারা যায়। অপর দিকে ধোবাউড়া সংবাদদাতা জানান, শুক্রবার সকালে ধোবাউড়া উপজেলার ঘোঘড়া বিলে মাছ ধরার সময় বজ্রপাতে চর মোহনি গ্রামের আবু সাঈদ (৩০) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার দরবেশ মুন্সির ছেলে আব্দুর রাজ্জাক মুন্সি (৪৫) ও সয়দাবাদ গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে নির্মাণশ্রমিক নাসির উদ্দিন (২২)। আহত হয়েছেন আরো দুই জন।
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরে বাগাতিপাড়ায় বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজের এক শিক্ষকের বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। মৃত আতাউর রহমানের বাড়ি সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায়। জানা গেছে, আতাউর রহমান ঐ কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। শুক্রবার দুপুরে তার নিজ বাড়ির পানির লাইনে সমস্যা হওয়ায় ছাদে গিয়েছিলেন। তখনই বজ্রপাতের ঘটনা ঘটে। তার স্ত্রী ছাদে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে উঠেন। পরে লোকজন এসে তাকে উদ্ধার করে পুঠিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর এলাকায় মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে সজিব সরকার (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নতুন সোনাকান্দা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বালুর মাঠে খেলতে গিয়ে তার মৃত্যু হয়। মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া এ তথ্য নিশ্চিত করেছে। সে পরিবারের সঙ্গে নতুন সোনাকান্দা গ্রামের আক্তার হোসেনের বাড়িতে ভাড়া থাকত।
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার আদমদীঘির ছাতিয়ান গ্রামে মরিচখেতে পানি সেচ দেওয়ার সময় বজ্রপাতে কৃষক জহুরুল ইসলাম মারা গেছেন। জহুরুল ইসলাম উপজেলার কুমারভোগ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। আদমদীঘি থানার এসআই হজরত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় ইউডি মামলা হয়েছে।
