রায়গঞ্জে গরুর লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব

আপডেট : ১৮ জুন ২০২২, ১৪:৪০

রায়গঞ্জে লাম্পি স্কিন ডিজিসে (এলএসডি) ব্যাপক হারে গরু আক্রান্ত হচ্ছে। প্রায় একমাস যাবত এই রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে। এ রোগে বিশেষ করে বাছুর গরু বেশি আক্রান্ত হচ্ছে। এদিকে সরকারি প্রাণি সম্পদ হাসপাতালে ভ্যাকসিন সঙ্কট হওয়ায় খামারিরা দিশেহারা হয়ে পড়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রে, উপজেলার ৯ ইউনিয়নে ৩ হাজার ১৬টি খামারে মোট গরুর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৭৩। ইতোমধ্যেই আক্রান্ত হয়েছে প্রায় ৪০ হাজার গরু। মারা গেছে ৮টি গরু। 

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আমিনুল ইসলাম জানান, তিনি একটি প্রকল্পের অর্থে মাত্র ২হাজার গরুকে প্রয়োগ করার মত ভ্যাকসিন কিনেছেন। তা প্রয়োগ করা হচ্ছে। আরো এক লাখ ভ্যাকসিনের জরুরি চাহিদা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। প্রশ্নের জবাবে তিনি ইত্তেফাককে বলেন, এলএসডি আক্রান্ত গরুর প্রথমে জ্বর হয় এবং খাবার রুচি কমে যায়। জ্বরের সঙ্গে সঙ্গে নাক-মুখ দিয়ে লালা বের হয়, পা ফুলে যায়, দুই পায়ে পানি জমে যায়। পশুর শরীরের বিভিন্ন জায়গায় চামড়া গুটি গুটি আকৃতি ধারণ করে, লোম উঠে যায় ও ক্ষত সৃষ্টি হয়। আর এ ক্ষত শরীরের অন্যান্য জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে। এলএসডি গরুর জন্য একটা ভয়ংকর ভাইরাস বাহিত চর্মরোগ। এই রোগের গড় মৃত্যুহার আফ্রিকাতে ৪০%। মূলত আফ্রিকায় একাধিকবার মহামারী আকারে দেখা গেলেও আমাদের দেশে গরুতে এই রোগের প্রাদুর্ভাব কখনো মহামারী আকারে দেখা যায় নাই। একটা খামারকে অর্থনৈতিকভাবে ধসিয়ে দেওয়ার জন্য এই রোগ অনেক বেশি ভয়ংকর হিসেবে ধরা হয়। এতে এক বছরের কম বয়সী বাছুর গরু মারা যায় বেশি।   

চান্দাইকোনা ইউনিয়নের কোদলা গ্রামের খামারি খোকন দাশ জানান, তার একটি গাভীর ল্যাম্পি স্কিন ডিজিস হয়েছে। খামারের অন্যান্য গরুগুলো নিয়ে তিনি আতঙ্কে আছেন। সেগুলো রক্ষায় সরকারি কোন ভ্যাকসিন পাননি। বাজারে এক এম্পুল ভ্যাকসিনের দাম ১ হাজার ৮ শত টাকা। এ ভ্যাকসিনও স্থানীয় ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে না। শহর থেকে আনতে হয়। কীভাবে যে আমি এই খামার রক্ষা করবো তার কোন কুলকিনারা দেখছিনা বলে তিনি হতাশা ব্যক্ত করেন। 

একই ইউনিয়নের সিমলা গ্রামের রবিউল ইসলাম, বিরেন হালদার, জেলাগাঁতী গ্রামের আব্দুল করিম, সোনারাম গ্রামের সাইদুল ইসলাম, ধামাইনগর ইউনিয়নের সাদরা গ্রামের খামারি ফরিদুল ইসলাম, শিবপুর গ্রামের আলতাফ হোসেন ও নবাব আলী আক্রান্ত গরুর চিকিৎসা নিয়ে একই রকম হতাশার কথা জানালেন। তারা জরুরি ভিত্তিতে ভ্যাকসিন সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে দাবি জানিয়েছেন।  

ইত্তেফাক/এআই