বাগমারার সড়কগুলোতে অবাধে চলছে মাটিবাহী ট্রাক্টর। বৃষ্টিতে এসব ট্রাক্টর থেকে ঝরে পড়া মাটি সড়কগুলো ঝুঁকিপূর্ণ করে তুলছে। সড়ক পিচ্ছিল হয়ে পড়ছে। আর এই পিচ্ছিল সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে অহরহ ঘটছে দুর্ঘটনা।
সরেজমিন জানা গেছে, সরকারি বিধিনিষেধ অমান্য করে বাগমারার তেলিপুকুর, শ্রীপুর, ঝিকরা, বাসুপাড়া, মাড়িয়া, গোয়ালকান্দি ও শুভডাঙ্গাসহ বেশ কিছু এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে পুকুর খনন করা হচ্ছে। আর এসব খননকৃত পুকুরের মাটি অনুমোদনবিহীন ট্রাক্টরে পরিবহন করা হচ্ছে। এমনই একটি সড়ক উপজেলার শ্রীপুর থেকে মহনগঞ্জ।
স্হানীয়রা জানায়, রাজনৈতিক প্রভাব দেখিয়ে একটি মহল এসব মাটি খনন ও পরিবহন করছে।
এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, অবৈধ পুকুর খনন বন্ধে ও পুকুর খননের মাটি ট্রাক্টরে পরিবহন না করার জন্য উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে আলোচনা হয়েছে। সেখানে এসব কার্যক্রম বন্ধ করার জন্য সিদ্ধান্ত হয়েছে। আমরা সে মোতাবেক কাজ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান জানান, অবৈধ পুকুর খনন ও ট্রাক্টরে মাটি পরিবহন বন্ধ করার জন্য উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে।
