পিরোজপুর অফিস
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আর্তমানবতার সেবায় চিকিত্সকদের নিজেদেরকে পুরোপুরি নিয়োজিত হতে হবে। অনেক চিকিত্সক রোগীদের ক্লিনিকে গিয়ে চিকিত্সা নেয়ার পরামর্শ দিয়ে থাকেন, যা কাম্য হতে পারে না। মন্ত্রী গতকাল শনিবার দুপুরে পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন। পিরোজপুর হাসপাতালের বিভিন্ন সমস্যা অবহিত হয়ে তিনি জরুরী ভিত্তিতে চিকিত্সকদের শূন্যপদ পূরণের আশ্বাস দেন। এছাড়া পিরোজপুর জেলা হাসপাতালের জন্য একটি এ্যাম্বুলেন্স প্রদানেরও আশ্বাস দেন।
এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান খালেক, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু।
এরপর মন্ত্রী জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
