গঙ্গাচড়ায় তিস্তায় পানি বৃদ্ধির কারণে বাদামখেত তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।
কৃষকরা জানান, সম্প্রতি দফায় দফায় বৃষ্টি ও তিস্তা নদীতে পানি বৃদ্ধির কারণে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের বুড়িডাঙ্গী, গজগন্টা ইউনিয়নের রাজবল্লভ ও ছালাপাক ও গাউছিয়া বাজার এলাকার কমপক্ষে ২০০ একর জমির বাদামখেত পানিতে তলিয়ে গেছে। গত ১৫/২০ দিন ধরে পানিতে তলিয়ে আছে এ খেত। পানি নিষ্কাশন না হওয়ায় বাদাম পচে যাচ্ছে।
কৃষকরা আরো জানান, তামাক কিংবা আলু তোলার পর এসব জমিতে বাদাম চাষ করেছেন তারা।
গজঘন্টা ইউনিয়নের গাউছিয়া বাজার এলাকার অনেক কৃষক জানান, এবারে বাদাম চাষ করি লস হইবে। পানিতে বাদাম পচি গেছে। খরচই এবার উঠপার নায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ২৫০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বাদামখেতের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য চাষিরা তড়িঘড়ি করে খেত থেকে বাদাম তুলছে।
