সরাইলে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২০

আপডেট : ০৮ জুন ২০১৯, ২২:৪৩

গতকাল শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। উপজেলার শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূঞা তার সমর্থক শাহবাজপুর সেকেন্ড জমাদ্দার পাড়া বিএনপির সমর্থক জুনায়েদকে (২৮) টিআর-এর চাল বরাদ্দ দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক ফার্স্ট গেট এলাকার যুবদল নেতা জুয়েল (৩০)। অভিযোগ উঠে জুয়েল উকিল আবদুস সাত্তার ভূঞা এমপিকে গালিগালাজ করেন। এ ঘটনায় সাত্তার সমর্থক জুনায়েদ প্রতিবাদ জানান। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ তৈরি হয়।

গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে জুয়েল সমর্থকরা জুনায়েদ সমর্থক ব্যবসায়ী বাবুল মিয়াকে মারধর করলে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। এসময় মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় মহাসড়কে শতশত যানবাহন আটকা পড়ে। সংঘর্ষে জুনায়েদসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। এ সময় মহাসড়কে বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায় দাঙ্গাবাজরা। খবর পেয়ে ভৈরব ক্যাম্প থেকে র্যাব সদস্যরা ও সরাইল থানা পুলিশ গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মহাসড়ক থেকে দাঙ্গাবাজদের সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূঞা বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মহাসড়ক কিছু সময় বন্ধ ছিলো। এখন পরিস্থিতি স্বাভাবিক।