সৃষ্টিকর্তা পৃথিবীতে কাউকে শূন্য হাতে পাঠিয়ে দেননি। সমস্যা কিংবা সীমাবদ্ধতার পাশাপাশি কোনো-না-কোনো প্রতিভার মাধ্যমে মানুষকে পৃথিবীতে ঠিকই পাঠিয়ে থাকেন তিনি। জীবনের সমস্যাগুলোকে তোয়াক্কা না করে নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে কত শত হাজার মানুষ সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন তা বলা মুশকিল। তেমনি এক তরুণ নিজের সীমাবদ্ধতাকে দূরে সরিয়ে, নিজের প্রতিভা আর পরিশ্রম দিয়ে স্বপ্নযাত্রার পথে এগিয়ে চলছেন প্রতিনিয়ত।
জন্ম থেকেই কথা বলার শক্তি নেই, আবার শুনতেও পান না। তবে ক্রিকেটকে তিনি বেছে নিয়েছেন নিজের জীবনের প্রধান লক্ষ্য হিসেবে। বলছি আকসার আহমেদের কথা। জন্ম তার সিলেটের মোল্লারচকে, শৈশব কেটেছে নিজ গ্রামে। মাত্র ৬ বছর বয়সে হারিয়েছেন বাবাকে। বাবাহারা সন্তানের দেখাশোনার পুরো দায়িত্ব মা-ই পালন করে আসছেন। আকসার মাধ্যমিক পাশ করেছেন সিলেটের হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয় থেকে। মাধ্যমিক শেষ করে তিনি ঢাকায় চলে আসেন। পরবর্তীকালে ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ থেকে সম্পন্ন করেন উচ্চ মাধ্যমিক। বর্তমানে তিনি সেখান থেকেই স্নাতকে পড়াশোনা করছেন।
ছোটবেলা থেকেই ছিল তার ক্রিকেটের প্রতি বিশেষ আগ্রহ। তখন থেকেই টুকটাক খেলাধুলা করা শুরু হয় তার। মা, বড় ভাই এবং বড় বোনের সহায়তায় তার ক্রিকেটে পথচলা শুরু। ঢাকায় আসার পর তাদের সমর্থনে একটি ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু করেন আকসার। একাডেমির কোচিং স্টাফ এবং তার সতীর্থরা তাকে খুব সহজভাবে গ্রহণ করেছেন। ক্রিকেট খেলা সঠিকভাবে চালিয়ে যেতে তার বড় বোনের স্বামী তাকে বেশ সহায়তা এবং অনুপ্রাণিত করেন। আকসার তার ক্রিকেট জগতে আইডল হিসেবে মানেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জাকে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত নিজের লড়ে যাচ্ছেন আকসার।
গত বছর দ্বিতীয় বিভাগে খেলতে নেমেই নিজের প্রথম ম্যাচে পেয়েছিলেন ৫ উইকেট। এরপরই সকলের নজড়ে আসেন এই তরুণ। শারীরিক প্রতিবন্ধী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দলেও ছিলেন তিনি। এরপর প্রধানমন্ত্রীর কাছ থেকে পান পুরস্কার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তার এক বছরের ক্রিকেটিয় সবধরনের দায়িত্ব গ্রহণ করেছে। পুরো বিপিএল জুড়ে আকসার নেট বোলার হিসেবে ছিলেন দলের সাথে। বিপিএল শেষ হতেই লিস্ট এ ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লীগে দল পান আকসার। লিজেন্ডস অব রূপগঞ্জ তাকে দলে ভিড়িয়েছিল। আকসার সকলের দোয়া, ভালোবাসা এবং সমর্থনে নিজের ক্রিকেটিয় ক্যারিয়ার সমৃদ্ধ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করতে চান।
