ঐক্যফ্রন্টের ভাঙন রোধে উদ্যোগ কাল জরুরি বৈঠক

আপডেট : ০৮ জুন ২০১৯, ২২:৫৩

বারবার ঘোষিত অনড় অবস্থান থেকে সরে বিএনপি ও গণফোরামের নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সংসদে যোগদান এবং বহুবার কর্মসূচি দিয়েও সেটি আবার স্থগিত বা বাতিল করা, দীর্ঘদিন কার্যকর কোনো কর্মসূচি না থাকাসহ কয়েকটি সুনির্দিষ্ট ইস্যুতে ভেতরে-ভেতরে ক্ষোভের দানা বড় হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টে। ২০ দলের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের জোট থেকে বেরিয়ে যাওয়া এবং কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়ার আলটিমেটাম সেই চাপা ক্ষোভেরই বিস্ফোরণ। এ অবস্থায় ঐক্যফ্রন্ট মচকে গেছে এবং ভাঙন আসন্ন বলেও রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার জরুরি বৈঠক ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য ও গণফোরামের       নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গতকাল শনিবার ইত্তেফাককে জানান, সোমবার ঐক্যফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে। সেখানে সবকিছু নিয়ে আলোচনা হবে। আশা করছি এই বৈঠকের মধ্য দিয়ে সৃষ্ট কিছু মতপার্থক্য বা ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এক প্রশ্নের জবাবে সুব্রত চৌধুরী জানান, কাদের সিদ্দিকী ইতোমধ্যেই কামাল হোসেনের সঙ্গে দেখা করে আলাপ করেছেন।

গত ৯ মে এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে থাকা অসঙ্গতি ৮ জুনের মধ্যে নিরসন করা না হলে কৃষক শ্রমিক জনতা লীগ ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাবে বলে হুমকি দেন কাদের সিদ্দিকী। হুমকি দেওয়ার তারিখেই ড. কামাল হোসেনকে চিঠি দিয়েও একই কথা বলে কৃষক শ্রমিক জনতা লীগ। ঐ চিঠিতে বলা হয়েছে, নির্বাচন পরবর্তী পর্যায়ে ঐক্যফ্রন্টকে সঠিকভাবে পরিচালনা করা যায়নি। বিশেষ করে, নির্বাচন প্রত্যাখ্যান করার পর কারো সঙ্গে আলোচনা না করেই সাতজন শপথ নিলেন। ঐক্যফ্রন্ট পরিচালনায় কেন এই দুর্বলতা?

কাদের সিদ্দিকীর দেওয়া সেই আলটিমেটামের সময়সীমা শেষ হয়েছে গতকাল শনিবার। জানা গেছে, ঈদের আগের রাতে ড. কামাল তার বেইলি রোডের বাসায় কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠকে বিএনপি ও গণফোরামের নির্বাচিতদের শপথ গ্রহণ এবং কিছু কর্মসূচি স্থগিত বা বাতিল করার বিষয়ে প্রাথমিক ব্যাখ্যা দেন। বিশেষ করে, কোন প্রেক্ষাপটে বিএনপি সংসদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে এবং বিএনপির সিদ্ধান্তের পরে গণফোরামও দলীয় সংসদ সদস্য মোকাব্বির খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ থেকে সরে দাঁড়িয়েছে— সে বিষয়েও তিনি কাদের সিদ্দিকীকে অবহিত করেন। সবশেষে তিনি ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে না যেতে তাকে অনুরোধ করেন। জানা গেছে, ঐক্যফ্রন্টে থাকার বিষয়ে কাদের সিদ্দিকী তাত্ক্ষণিক কোনো ওয়াদা না করলেও নিজের দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলাপ করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন বলে ড. কামালকে জানিয়েছেন।

কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক জানান, ড. কামালের উদ্যোগকে তারা স্বাগত জানান। যেসব ইস্যুতে কৃষক শ্রমিক জনতা লীগ প্রশ্ন তুলেছে— ঐক্যফ্রন্ট সেগুলোর বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারলে অবশ্যই তারা ফ্রন্টে থাকবেন। আর সন্তোষজনক জবাব বা ব্যাখ্যা না পেলে এবং অসঙ্গতিগুলো দূর করার উদ্যোগ নেওয়া না হলে পূর্ব ঘোষণা অনুযায়ী কৃষক শ্রমিক জনতা লীগ ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আবারও দলীয় ফোরামে আলোচনা করবে।

ঐক্যফ্রন্টের ঐক্য ধরে রাখতে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৩ জুন বৈঠক করেন ফ্রন্টের শরিক জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সঙ্গে। সেখানে কাদের সিদ্দিকীকে ফ্রন্টে ধরে রাখার বিষয়ে তারা দুজনই গুরুত্বারোপ করেন বলে জানা গেছে।

ঐক্যফ্রন্টের একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ড. কামাল প্রথমে ঐক্যফ্রন্টের বৈঠক ডেকেছিলেন আগামী বুধবার। কিন্তু উদ্ভূত প্রেক্ষাপট জরুরি বিবেচনায় তারিখ এগিয়ে সোমবার বৈঠক করার সিদ্ধান্ত নেন। বৈঠকে কাদের সিদ্দিকীর বিষয় ছাড়াও ২০ দলের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব) অলি আহমদের সাম্প্রতিক বক্তব্য নিয়েও আলোচনা হবে। অলি আহমদ সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, সংসদে যোগ দিয়ে বিএনপি আত্মঘাতী কাজ করেছে। প্রয়োজনে নেতৃত্ব ছেড়ে দিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে ঐক্যফ্রন্টেরও সমালোচনা করেন অলি আহমদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ না নিলেও বগুড়া-৬ আসনের আসন্ন উপ-নির্বাচনে আবার বিএনপির অংশগ্রহণ নিয়েও আলোচনা হবে আগামীকালের বৈঠকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান জানান, ঐক্যফ্রন্টের বৈঠকে বিগত দিনের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে। ঐক্যফ্রন্টের ঐক্য অটুট রাখার বিষয়ে আলোচনা হবে। এছাড়া ঐক্যফ্রন্টকে কীভাবে আরো সম্প্রসারিত করা যায়, সেটা নিয়েও সবার সঙ্গে পরামর্শ করা হবে।