সময় টেলিভিশনের বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা (৫১) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি গতকাল বিকাল ৪টা পর্যন্ত তিনি অফিস করেছেন। এরপর মিরপুরের শেওড়াপাড়ার বাসায় চলে যান। সন্ধ্যায় অসুস্থ বোধ করেন। রাত সাড়ে ৮টার দিকে তাকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিঃসন্তান মুক্তা দিনাজপুরের দৈনিক উত্তরা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি সাপ্তাহিক অর্থনীতি, দৈনিক দিনের শেষে, খোলা কাগজ, আজকালের খবরে কাজ করেন। তার গ্রামের বাড়ি নিলফামারী সদরের মাস্টারপাড়ায়। সময় টেলিভিশনের সামনে জানাজার পর গতকাল রাতে তার মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে নেওয়া হয়। তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
