সীমান্তবর্তী বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিলো বিজিবি

আপডেট : ২৪ জুন ২০২২, ০৪:১০

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হেলিকপ্টারযোগে সুনামগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম সীমান্তবর্তী অঞ্চলের অসহায় বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে। গতকাল সকালে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় বিজিবি সদর দপ্তর থেকে হেলিকপ্টারযোগে ত্রাণ নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে হেলিকপ্টার থেকে সরাসরি না ফেলে তাহিরপুর উপজেলার দুর্গম সীমান্তবর্তী টেকেরহাট ও চাঁনপুর এলাকার বন্যাদুর্গত ১ হাজার পরিবারের প্রায় ৫ হাজার বানভাসি মানুষের মধ্যে বিতরণের জন্য বিজিবি সদস্যদের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে। মূলত সারা দেশে বিজিবি কর্তৃক বন্যাদুর্গত অসহায় জনগোষ্ঠীর উদ্ধার এবং বিজিবির অব্যাহত ত্রাণতত্পরতা কার্যক্রমকে ফলপ্রসূ করতেই বিজিবি সদর দপ্তর কর্তৃক এই হেলি মিশন পরিচালনা করা হয়।

এছাড়া গতকাল বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে তাহিরপুর উপজেলার দুর্গম সীমান্তবর্তী বন্যাদুর্গত টেকেরহাট এলাকায় ৩৫০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের আশপাশে বিভিন্ন এলাকার বন্যাদুর্গত মানুষের মধ্যে ২০০ প্যাকেট রান্না করা খাবার এবং ১ হাজার বোতল বিশুদ্ধ পানি বিতরণ, সিলেট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত সীমান্তবর্তী ভোলাগঞ্জ এলাকার ২০০ অসহায় পরিবার, বিয়ানীবাজার ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সীমান্তবর্তী নয়াগ্রাম এলাকার বন্যাদুর্গত ৩০টি পরিবার এবং সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), কুড়িগ্রাম উপ-শাখা কর্তৃক ধরলা নদীর পাড়সংলগ্ন বন্যাকবলিত ৫০টি অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচডি