কুবিতে 'মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধ' শীর্ষক কর্মশালা  

আপডেট : ২৭ জুন ২০২২, ১৯:২৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করার লক্ষ্যে ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধ অভিযান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে 'মনের বন্ধু' প্লাটফর্ম  ও ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

কর্মশালায় মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা করেন 'মনের বন্ধু' প্লাটফর্মের সহযোগী সাইকো সোশ্যাল কাউন্সেলর রাজন দাস। এসময় তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ট্রেনিং প্রদান ও মানসিক স্বাস্থ্য বিকাশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে বিভিন্ন বিভাগের বিভাগীয় ছাত্র পরামর্শক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়।

কর্মশালায় কোষাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান বলেন, দেশে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যা  প্রতিরোধ করতে এই কর্মশালা কার্যকর ভূমিকা পালন করবে। 

ড. মোহা. হাবিবুর রহমান বলেন, ক্রমান্বয়ে প্রত্যেকটি বিভাগে একদিন করে কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে পুরো বিশ্ববিদ্যালয়কে আমরা ১৯ দিনে কভার করে ফেলতে পারব। 

উল্লেখ্য,  মনের বন্ধু  ২০১৬ সাল থেকে মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। প্লাটফর্মটি ওয়ান টু ওয়ান কাউন্সিলিং, মোবাইল ও ভিডিও কাউন্সিলিং, কর্মশালা, ফেসবুকের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকে।

ইত্তেফাক/এআই