জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেছেন, ‘অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’ সোমবার (২৬ জুন) বিকেলে রাজধানীর বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে ড. সায়েম আমীর ফয়সল ছাত্রফ্রন্টের সর্বস্তরের নেতাকর্মীদের জাকের পার্টির আদর্শ জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমাদের দলীয় নেতাকর্মীদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে অর্থনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আর্তমানবতার সেবায় আমাদের কর্মধারাও অব্যাহত থাকবে।
ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার, ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি কায়সার হামিদ ও আব্দুল লতিফ খান যুবরাজ, সাংগঠনিক সম্পাদক কাজী রাশেদুল হাসান প্রমুখ।
