'১৩'-কে অনেকেই মনে করেন অপয়া সংখ্যা! অথচ ২০১৩ সালে এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের কাছে আনলাকি থার্টিন এখন লাকি থার্টিন। ২০২০ সালের ১৯ এপ্রিল 'এসএসসি ২০১৩ স্টুডেন্টস অব বাংলাদেশ' নামে যে গ্রুপের পথচলা শুরু হয়েছিল, দুই বছরের পরিভ্রমণ শেষে সেটি বর্তমানে দুই লক্ষ ১০ হাজার সদস্যের বিশাল ভার্চুয়াল পরিবার। 'প্রাণের মেলায় হলাম জড়ো, বন্ধুত্বের বন্ধনে অদম্য তেরো'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দূর্বার গতিতে এগিয়ে চলছে গ্রুপ। এটি এখন আর কেবল অনলাইনে সীমাবদ্ধ নেই।
গ্রুপের প্রতিষ্ঠাতা মেহেদি হাসান মিলনের স্বপ্ন ছিল একদিন পুরো দেশের এসএসসি তেরো ব্যাচের সকল বন্ধুদের এক জায়গায় আনবেন। দৃঢ় করবেন বন্ধুত্বের বন্ধন। যেখানে সবাই সবার পাশে দাঁড়াবে। জানতেন কাজটি কঠিন, তবু হাল ছাড়েননি। গ্রুপ খোলার পর অবিশ্বাস্য সাড়া পান। মাস পার হওয়ার আগেই সদস্য সংখ্যা এক লক্ষ পার হয়। স্বপ্ন রূপ নেয় বাস্তবে। শুরু হয় এমন এক যাত্রা, যা আগে ভাবেনি কেউ।
এসএসসি তেরো ব্যাচের গ্রুপটি সবার কাছে পরিচিত 'অদম্য ১৩' নামে। গড়ে তোলা হয়েছে অদম্য ১৩ ফাউন্ডেশন। দেশের সব কয়টি বিভাগীয় শহরে আছে অদম্য ১৩-র অফিশিয়াল টিম। যে স্বপ্ন নিয়ে মিলনের যাত্রা, তাতে সহযাত্রী হয়েছে গোটা দেশের শিক্ষার্থীরা। কাজ করছে একতাবদ্ধ হয়ে। দেশের যে প্রান্তেই বিপদে পড়ে ব্যাচ তেরোর বন্ধু, ছুটে যায় অন্যরা। কোনো বন্ধু আর্থিকভাবে সম্পূর্ণ অসচ্ছল, সবাই মিলে তাকে ব্যবসার পুঁজি কিংবা কাজের ব্যবস্থা করে দিচ্ছে। কারও স্বামী বা বাচ্চার চিকিৎসার খরচ মেটাতে পারছে না, এগিয়ে আসছে বন্ধুরা। নিজ ব্যাচের বন্ধু ছাড়াও অদম্য ১৩ ফাউন্ডেশন পাশে আছে অসহায় মানুষের। সম্প্রতি সহযোগিতা করেছে সিলেটের বন্যাদুর্গতদের সেবায়।
দুই লক্ষ দশ হাজার সদস্যের ফেসবুক গ্রুপ হলেও সুশৃঙ্খলভাবে দেখভাল করছে এডমিন প্যানেল। সকলে বন্ধু হওয়ায় আড্ডা, খুনসুঁটি লেগেই থাকে। রোজই কেউ না কেউ হাজির হয় নিজের পরিচয় নিয়ে৷ সেখানে বলা থাকে, প্রয়োজন হলে জানাবি। তোদের জন্য সবসময় আছি। কথাগুলো কেবল বলার জন্য বলা নয়, তা প্রমাণ করছে নিজেরাই।
অদম্য ১৩-র ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে জানতে চাইলে মিলন বলেন, 'আমাদের মধ্যে তৈরি হওয়া বন্ধন আরও মজবুত করতে এবং ব্যাচের অসচ্ছল বন্ধুদের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য কাজ করে যাব। আমরা চাই একটা কমিউনিটি হিসেবে বাংলাদেশের অন্যান্য ব্যাচগুলোর কাছে রোল মডেল হতে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেশ ও দশের সেবা করতে অদম্য ১৩ প্রতিজ্ঞাবদ্ধ।'
