সাংবাদিকদের জনগণের বন্ধু আখ্যায়িত করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেছেন, সাংবাদিকরা কখনো জনগণের শত্রু নয় বরং সাংবাদিকরা সব সময় মানুষের বন্ধু। সাংবাদিকরা সব সময় সমাজের প্রহরীর ভূমিকা পালন করে থাকেন।
মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে পাবনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে এই সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমি ও আমাদের মাননীয় উপ-উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়কে নতুন রূপে গড়ে তোলার চেষ্টা করছি। আমরা এসে বিশ্ববিদ্যালয়ে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার জন্য কয়েকটি কাজ ইতোমধ্যে করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং গবেষণা বৃদ্ধির কাজ আমরা শুরু করেছি। আশা করি অচিরেই সবাই এর ফলাফল দেখতে পাবে।
সাংবাদিকদের উদ্দেশ্য করে উপাচার্য বলেন, সাংবাদিকদের সব সময় সত্যকে তুলে ধরতে হবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফারুক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় পাবনার স্থানীয় সাংবাদিকদের সাথে পাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং পাবনার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় সাংবাদিকরা উপাচার্য ও উপ-উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, গবেষণা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি রোধের আহ্বান জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যে কোন প্রয়োজনে স্থানীয় সাংবাদিকরা পাশে থাকার প্রত্যয়ব্যক্ত করেন সাংবাদিকরা।
সৌজন্য সাক্ষাতে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুল হক, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ পাবনার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রবীণ এবং নবীন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম, ডেপুটি রেজিস্ট্রার হাসিবুর রহমান ও প্রক্টর কামাল হোসেন।
