স্বপ্ন ও উন্নয়নের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি)-এর সিএসই এবং ইইই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একটি রোবট তৈরি করেছেন। এর নামও রাখা হয়েছে পদ্মা।
মঙ্গলবার (২৮ জুন) রাতে ইউজিভি’র অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রোবটটি উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। রোবটটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে এটি কথা শুনতে ও বলতে পারে। পদ্মা সেতু সম্পর্কিত কোনো তথ্য জানতে চাওয়া হলে তথ্য প্রদান করতে পারে রোবটটি।
ইউভিভির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী'র সভাপতিত্বে এসময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. লোকমান খান। তিনি রোবটটির ইতিবৃত্ত উপস্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
