ইউক্রেন দখল করতে চান পুতিন

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ০৪:০০

ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান। তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা কামনা করে বলেছেন, ন্যাটোর উচিত আজভ সাগরে যুদ্ধজাহাজ পাঠানো। খবর রয়টার্সের

প্রেসিডেন্ট পোরোশেঙ্কো জার্মান মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে উদ্বেগের কথা প্রকাশ করেছেন। তিনি পশ্চিমাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। রাশিয়ার ওপর আরো অবরোধ আরোপ এবং রুশ গ্যাস পাইপলাইনে বাধা দিতে পশ্চিমাদের সমর্থনও আশা করছেন। এই পাইপলাইনের মাধ্যমে ইউক্রেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানা গেছে। বহুল প্রচারিত জার্মান পত্রিকা বিল্ডকে প্রেসিডেন্ট বলেন, পুতিন মিথ্যাবাদী। তার কথা বিশ্বাস করবেন না।

তিনি বলেন, পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান। তিনি ক্রিমিয়া দখল করেছেন, ডনবাসও চান। তিনি সোভিয়েত ইউনিয়নকে ফেরত আনতে চান এবং আগের মতো সম্রাট হতে চান। ইউক্রেন ছাড়া রাশিয়ার সাম্রাজ্য ফিরে আসবে না। তাই প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে রাশিয়ার উপনিবেশ মনে করেন।

ইত্তেফাক/আরকেজি