খুলনায় ট্রেনে কাটা পড়ে মো. আলামিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে নগরীর দৌলতপুর থানার রেলিগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন রেলিগেট এলাকার হামিদা মঞ্জিলের আনোয়ার মুন্সির ছেলে। রেলওয়ে (জিআরপি) পুলিশ পরিদর্শক মোল্লা কবির আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আলামিন রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয় ও বাম পায়ের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। এতে শরীর থেকে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন দুর্ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলামিনের লাশ খুমেক হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে।
রেলওয়ে পুলিশ পরিদর্শক মোল্লা কবির আহমেদ বলেন, রেলিগেট এলাকার স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর জেনেছি। রাত সোয়া ১০ টায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। সম্ভবত ওই ট্রেনের ধাক্কায় আলামিনের মৃত্যু হয়েছে।
