গৌরীপুর-কচুয়া সড়কের মেরামতকাজে ধীরগতি!

আপডেট : ০৯ জুন ২০১৯, ২১:৫৭

ভোগান্তি চরমে

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

গৌরীপুর-কচুয়া সড়ক সংস্কারের কাজ ধীর গতিতে চলছে। কয়েক মাস পূর্বে এই সড়কের সংস্কার শুরু হলেও কাজ খুব এগোয়নি। সড়কের পুরোনো পিচ, ইট-পাথর উঠে খানাখন্দ সৃষ্টি হওয়ায় বৃষ্টির দিনে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি ভর্তি থাকায় যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না।

বাসচালক এবং যাত্রীরা জানায়, এই মেরামত অপেক্ষা আগের ভাঙাচুড়া রাস্তাটিও চলাচলের জন্য ভাল ছিল। মালাখালা থেকে মোহাম্মদপুর পর্যন্ত সড়কটির অবস্থা এতই নাজুক যানবাহন চলাচল দূরের কথা সাধারণ যাত্রীরা এই সড়ক দিয়ে হেঁটেও চলতে পারছে না। সড়কটি দিয়ে কুমিল্লার দাউদকান্দি, চাঁদপুরের হাজীগঞ্জ, কচুয়া, মতলবসহ বেশ কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষ চলাফেরা করে থাকে।

সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ বলেন, ১০ কোটি টাকা ব্যয়ে গৌরীপুর আমিরাবাদ স্টেশন থেকে ১০ কিলোমিটার দক্ষিণ দিকে রাস্তার যে কাজ চলছে এর ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে বারবার তাগিদ দেওয়া হলেও যথাযথ গতিতে তারা কাজ করছে না।