কিছুদিন আগে নতুন অতিথির সুখবর জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অন্তঃসত্ত্বা অবস্থাতেই নিজের হলিউড সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলিয়া। বর্তমানে রয়েছেন পর্তুগালে।
তবে শত ব্যস্ততার মাঝেও নিজের শরীরের প্রতি দারুণ সচেতন তিনি। শুটিংয়ের ফাঁকে নিয়মিত করছেন মর্নিং ওয়াক।
এরই মধ্যে সেখানকার বেশকিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আলিয়া। একটি ছবিতে হাস্যোজ্জ্বল আলিয়াকে দেখা গেছে। অন্য আরেকটিতে নিজের ছায়ার ছবি তুলেছেন তিনি। হয়তো বেবি বাম্প আড়াল করতেই এভাবে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নিজের সঙ্গে হাঁটা সবকিছু ঠিক করে দিতে পারে।’
চলতি বছর ১৪ এপ্রিল ভালোবেসে বিয়ে করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বিয়ের উন্মাদনার রেশ শেষ হওয়ার আগেই আসে নতুন সুখবর।
