২৫০ শিক্ষার্থী নিয়ে এনইউ স্কিল ডেভেলপমেন্ট সামিট

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১০:৩১

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠিত হলো এনইউ স্কিল ডেভেলপমেন্ট সামিট-২০২২। গত ১ জুলাই ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফোরামের এই আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের বিশিষ্ট শিক্ষক এবং কয়েকজন সফল করপোরেট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা ও ঢাকার বাইরের ২৫০ এর বেশি শিক্ষার্থী এই আনন্দ আয়োজনে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের প্রথমে প্রধান অতিথি হিসেবে দেশের সর্ববৃহৎ অনলাইন জব পোর্টাল বিডিজবসের সিইও এ.কে.এম ফাহিম মাশরুর তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

তিনি প্রথাগত একাডেমিক শিক্ষা ছাড়াও বিভিন্ন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করেছেন। দিনব্যাপী এ আয়োজনে একাধিক সেমিনার এবং প্যানেল ডিসকাশন সেশন হয়েছে।

‌‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্যতা’ শিরোনামে প্রথম প্যানেল ডিস্কাশন হয়। প্যানেলে অতিথি ছিলেন মো. নজরুল ইসলাম, তিনি জেনারেল সেক্রেটারি পদে BSHRM এ রয়েছেন। মো. সাজ্জাদুল ইসলাম, তিনি বিক্রয়.কমের মারকেটপ্লেস ডিরেক্টর পদে রয়েছেন এবং মুরাদ হোসেন, এলিট পেইন্টের বোর্ড সেক্রেটারি হিসেবে কর্মরত রয়েছেন।

দ্বিতীয় প্যানেল ডিস্কাশনটি ‘ক্যারিয়ার ইন ডিজিটাল মিডিয়া’ শিরোনামে হয়। প্যানেলে শোভাবর্ধক হিসেবে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব পলাশ মাহমুদ, আরটিভি অনলাইনে ইনচার্জ হিসেবে বর্তমানে তিনি কর্মরত রয়েছেন ও শায়লা আক্তার, তিনি বর্তমানে বাই ডিজিটালের ব্র‍্যান্ড স্ট্র‍্যাটেজি ও ইনোভেশন লিড হিসেবে রয়েছেন।

তৃতীয় ও সর্বশেষ প্যানেলটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক ও করপোরেটের ব্যক্তিদের নিয়ে ‌‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাকরির বাজার’ শিরোনামে হয়। প্যানেলে অতিথি হিসেবে ছিলেন শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের বিবিএ (প্রোফেশনাল) ডিপার্টমেন্টের শিক্ষক নাহিদ শামস।

এ ছড়াও, ঢাকা সিটি কলেজ থেকে ছিলেন ফাহমিদা রওশন। করপোরেট থেকে উপস্থিত ছিলেন লায়লা নাজনীন, স্টার সিনপ্লেক্সের হেড অব এইচ.আর এবং এম.সাব্বির জাহাঙ্গীর, তিনি পার্টেক্স স্টার গ্রুপের হেড অব এইচ.আর হিসেবে কর্মরত রয়েছেন।

সমগ্র আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে এসএসবি লেদার এবং পাওয়ারড বাই স্পনসর হিসেবে যুক্ত ছিল এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টার।এ ছাড়াও, ব্রাইট স্কিলস, পিএফইসি গ্লোবাল, এন আইডিয়া কমিউনিকেশন লিমিটেড, আপগ্রেড একাডেমি, আইএলটিএস এক্সপার্ট, এক্সপ্রেস ইন টাউন, সাকিব সেভেন্টিফাইভ হেলথকেয়ার ও অনুষ্ঠানের প্রাউড সিলভার স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে।

ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ‘এক্সিলেন্স বাংলাদেশ’ ও ক্যারিয়ার প্রো বিডি এ অনুষ্ঠানের স্ট্রাটেজিক পার্টনার হিসাবে সংগঠনটির সঙ্গে উপস্থিত ছিল। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ঢাকাপোস্ট ও ঢাকাবিজ.নেট এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছে।

সামিটটি নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজ হোসেন বলেন, ‘বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এবছর দ্বিতীয়বারের মতো স্কিল ডেভেলপমেন্ট সামিটের সফল আয়োজন সম্পন্ন হয়েছে। অংশগ্রহকারী ও অতিথিদের উপস্থিতিতে এ আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে।

‘আগামী বছরগুলোতেও আমরা ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগানো এই স্কিল ডেভেলপমেন্ট সামিটের আয়োজন অব্যাহত রাখবো’, বলেন রিয়াজ।

ইত্তেফাক/মাহি