স্বাধীনতার মূল্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে: আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০১:৩৭

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমাদের রাজনীতির একটাই উদ্দেশ্য স্বাধীনতার মূল্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি সমাজে শান্তি রক্ষা করা তথা আইনশৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। আমাদের ইমানের জোর আছে বলে বাংলাদেশে অতীতে যেমন কোনো সরকার এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি, তেমনি ভবিষ্যতে যারা ঢাকার মসনদে বসবেন তাদেরও আমাদের সমর্থন নিতে হবে। মনে রাখতে হবে, আমরা ছোট হলেও আমাদের অন্তর্নিহিত তেজস্বিতা অত্যন্ত প্রখর ও প্রবল।

তিনি গতকাল রবিবার (৩ জুলাই) বিকালে ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে এক মতবিনিময় সভায় আরো বলেন, আমরা ঐক্যের কথা বলি, যে যেই রাজনীতি করেন না কেন—এলাকার প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে এক থাকতে হবে। এ ঐক্যের কথা ৩৭ বছর ধরে বলে এসেছি। ছোট দল বলে আমরা যেমন ঐক্যের কথা বলে আসছি, বড় বড় দলগুলো হয়তো এ কথা বলে না। আবার আমাদের মতো ছোট দল ছাড়া সরকার গঠন হয় না। শত শত বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগুতে হচ্ছে। বাংলাদেশ তথা পৃথিবীর আগামী দিনগুলো অতি জটিল। বিশ্বের সব দেশ বিপদের মধ্যে আছে। পৃথিবীতে এখন যুদ্ধাবস্থা চলছে। বিশ্ব বা বাংলাদেশ নিয়ে যেমন ভাবতে হচ্ছে, তেমনি আমাদের স্থানীয়ভাবেও কী করা সম্ভব তা নিয়েও পরিকল্পিতভাবে অগ্রসর হওয়া দরকার। গ্রামে বিক্ষিপ্ত-বিচ্ছিন্নভাবে অপরিকল্পিত বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। যা মানুষের বসবাসের উপযোগী না। উপজেলা সদরকে কেন্দ্র করে আবাসিক এলাকা গড়ে তুলতে হবে। যার জন্য প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন। যেখানে বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা, হাটবাজার ইত্যাদি ছকবদ্ধ করে স্থাপন করা বাঞ্ছনীয়। যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট বলেছিলেন, আমাদের শান্তির পথ, উন্নয়নের পথ দীর্ঘমেয়াদী, যা সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে স্থাপন করা দরকার।

আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেন, আজ থেকে ৩০ বছর পর ভাণ্ডারিয়া-ইন্দুরকানীসহ দক্ষিণাঞ্চলের ছোট ছোট শহরগুলো যখন বড় হবে, তখন অনেকের কাছে অচেনা-অপরিচিত বলে মনে হবে। এই ইন্দুরকানী অনেক উন্নত হবে। এক সময় আসবে যখন ইন্দুরকানীর মানুষ কাদায় হাঁটবে না। তখন হয়তো অনেকেই আমাদের কথা ভুলে যাবেন। আমরা আজ রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুৎ ইত্যাদির অবকাঠামো নির্মাণের সূচনা করে গেলাম। যা আগামীতে অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী যে পদ্মা সেতু নির্মাণ করলেন তা অনেকের কাছে ছিল অভাবনীয়। অদূর ভবিষ্যতে এই পিরোজপুর অঞ্চলেও এ রকম বড় বড় অবকাঠামো নির্মিত হবে। ৩৭ বছর আগে আমি যখন প্রথম ভাণ্ডারিয়ায় আসি তখন সেখানের বাসিন্দারা হারিকেনের আলোয় অন্ধকার দূর করতো, ছেলে-মেয়েরা পড়াশুনা করতো। এখন প্রতিটি ঘরে বিদ্যুৎ জ্বলে। এই পরিবর্তনের ধারা আগামীতে আরো বেগবান হবে। ইন্দুরকানীতে এক সময় নৈরাজ্যকর অবস্থা ছিল। মানুষ রাতে ঘরে ঘুমাতে পারতো না, মামলা-মোকদ্দমায় জর্জরিত ছিল, চুরি-ডাকাতি ছিল নিত্যকার ঘটনা। এখন এলাকায় শান্তি বিরাজ করে। পার্শ্ববর্তী জেলা থেকে দুর্বৃত্ত-দুষ্কৃতকারীরা আগে যেভাবে আসতো এখন আর সীমান্ত পেরিয়ে আসতে সাহস পায় না, এটাই হচ্ছে পরিবর্তন।

আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, আজ যে উপজেলা প্রশাসনিক ব্যবস্থা বহাল তা প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সময় সৃষ্ট। এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা। যা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এমপিরা উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান-মেম্বরদের সাথে নিয়ে একত্রে কাজ করলে মানুষের ভাগ্য পরিবর্তন তরান্বিত হয়। তাই আমাদের অব্যাহত প্রচেষ্টা হচ্ছে মানুষের কল্যাণে এক হয়ে কাজ করা।

ইন্দুরকানী উপজেলায় নবগঠিত পত্তাশী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষ্যে পত্তাশী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পত্তাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক মো. শাহীন হাওলাদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মত্ লুত্ফুন্নেসা খানম, থানার ওসি এনামুল হক, ইন্দুরকানী ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপির সদস্য সচিব মাসুদ করিম তালুকদার ইমন, উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক কাওসার উদ্দীন আহমেদ দুলাল, উপজেলা জেপির যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান রানা, পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজিস সালেকিন শুভ তালুকদার, পত্তাশী ইউনিয়ন জেপির সভাপতি এনামুল কবির, ইন্দুরকানী ইউনিয়ন জেপির সভাপতি মাহামুদ সেলিম, স্থানীয় সমাজসেবক রফিকুল ইসলাম পান্নু প্রমুখ।

ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবন উদ্বোধন শেষে এ এলাকার সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু দোয়া ও মোনাজাতে অংশ নেন।

ভাণ্ডারিয়াস্থ বাসভবন ‘তাসমিমা ভিলা’র হলরুমে ভাণ্ডারিয়া পৌর জাতীয় ছাত্র সমাজের (জেপি) উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন  জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। ছবি: ইত্তেফাক

ভাণ্ডারিয়া সংবাদদাতা শঙ্কর জীত্ সমদ্দার জানান, আনোয়ার হোসেন মঞ্জু গতকাল দুপুরে তার ভাণ্ডারিয়াস্থ বাসভবন ‘তাসমিমা ভিলা’র হলরুমে ভাণ্ডারিয়া পৌর জাতীয় ছাত্র সমাজের (জেপি) উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সভায় পৌর ছাত্র সমাজের আহ্বায়ক মো. মেহেদী হাসান রাজুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মাহাবুব শরীফ শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক জিসান সরদার, আল মামুন প্রমুখ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় নেতা মো. ইউসুফ আলী আকন, জেপির ভিটাবাড়ীয়া ইউনিয়ন সভাপতি রেজা আহম্মেদ দুলাল, জেপির অঙ্গসংগঠন যুবসংহতির উপজেলা আহ্বায়ক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার, মো. লিটন তালুকদার, মো. হাসান জোমাদ্দার, মাস্টার আবুবকর, সুজন তালুকদার, যুবসংহতি নেতা ও ইউপি সদস্য মো. রহমান হাওলাদার প্রমুখ।

এর আগে গতকাল সকালে আনোয়ার হোসেন মঞ্জুকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা নব গঠিত ছাত্রসমাজের সভাপতি মো. জসিম মীর, সাধারণ সম্পাদক আল শাহারিয়ার এবং কলেজ ছাত্র সমাজের সভাপতি মো. সাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও ইন্দুরকানী জাতীয় পার্টি-জেপির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

ইত্তেফাক/ইআ